মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি বললেন বিপিএল খেলে বিশ্বকাপ প্রস্তুতি হয় না

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট সংশ্লিষ্টদের ২০১৯ সাল শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটে চোখ রেখে। এখনো পাঁচ মাস বাকি। এখনো অনেক দ্বিপাক্ষিক সিরিজ খেলা বাকি অনেক দলের। ঘরোয়া লিগ আছে, আছে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু সবকিছু ডিঙিয়ে ঘুরে ফিরেই আসে বিশ্বকাপ প্রসঙ্গ। এই তো দেশে এখন বিপিএল দামামা বাজছে। কিন্তু এর ফাঁকেই কথা বলতে হচ্ছে বিশ্বকাপ নিয়ে। তবে বিপিএল খেলে যে বিশ্বকাপের প্রস্তুতি হবে না, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিপিএল শেষেই নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর পর মে মাসের শেষ দিকে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের ১২তম আসর। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। সামনে সময় আছে বেশ। কিন্তু বিপিএল এর মাঝেও বিশ্বকাপ প্রসঙ্গটা প্রতিদিনই ওঠে। রংপুর রাইডার্সের অনুশীলনে দলীয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আজও কথা বলতে হয়েছে বিশ্বকাপ প্রসঙ্গ নিয়ে।

বিপিএল ও বিশ্বকাপের মধ্যে পার্থক্যটা বিশাল। প্রথমত বিপিএল টি-টোয়েন্টি ফরম্যাট আর বিশ্বকাপ ৫০ ওভারের খেলা। তাই বিপিএল দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি হবে না বলে পরিষ্কার জানিয়েছেন মাশরাফি, ‘আমাদের খেলোয়াড়েরা ভালো খেলছে। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও যদি লক্ষ্য করেন, এখন জাতীয় দলে যারা খেলছে, ভালো খেলছে। এখন তরুণ খেলোয়াড় যারা উঠে আসছে তাদের একটা ভালো একটা সুযোগ আছে। কিন্তু বিশ্বকাপের জন্য মনে হয় না এই টুর্নামেন্টের প্রয়োজনীয়তা একেবারেই আছে। কারণ প্রথমত ফরম্যাট ২০ ওভারের। বিভিন্ন সময়ে যারা ব্যাটিংয়ে যাবে তাদের পরিস্থিতি ওইরকম থাকবে না, বোলারদের পরিস্থিতিও ওইরকম থাকবে না। এটার সঙ্গে ৫০ ওভার মেলানো কঠিন।’

বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব থাকছেন মাশরাফির, এ কথা দৃঢ়ভাবে বলাই যায়। বিশ্বকাপের কন্ডিশনের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, ‘আপনি যদি কন্ডিশন ধরেন, এখানে (বিপিএল) এমনি রান কম হয়, ইংল্যান্ডে সেখানে সাড়ে তিন শ অথবা ৩২০, ৩৩০ হবে। বরং বলতে পারেন নিউজিল্যান্ড থেকে আমাদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হতে পারে।’

এবারের বিপিএলে ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের মতো তারকাকে খেলতে দেখা যাবে। গত বিপিএলে উইকেটের মান নিয়ে প্রশ্ন ছিল। ব্যাটসম্যানদের অনেক ভুগিয়েছে মিরপুরের উইকেট। কিন্তু এবার ভালো খেলোয়াড়দের অংশগ্রহণে মান বাড়বে বলে মনে করেন মাশরাফি, ‘টুর্নামেন্টের শক্তি দেখলে হয়তোবা আমাদের উইকেট ওরকম (রান উৎসব) সাপোর্ট করে না অনেক সময়। মানুষ চায় বড় রান দেখতে। ১৮০, ১৯০ বা ২০০ রান যখন তাড়া করা যাবে তখন টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা অনিবার্য। উইকেট একটা বিষয়। চট্টগ্রামে খেলা হলে দেখবেন ব্যাটসম্যান, বোলার সবাই এনজয় করে। ওই চ্যালেঞ্জটা থাকে। কিন্তু এবার কিছু ভালো খেলোয়াড় এসেছে। আগেরবার যারা এসেছে তার থেকে কোয়ালিটি এবং বিশ্বক্রিকেটের ইনফর্ম খেলোয়াড়রাও এখানে আছে। হয়তো বা টুর্নামেন্টের গ্রাফটা ওপরের দিকে যাবে আশা করছি।’