শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোকে কাঁদছে পাকিস্তান

e6f48674152dacd1c7380989af215a07-27

আন্তর্জাতিক ডেস্ক :হাসপাতালে আহত শিশুর আর্তনাদ। বাড়িতে সন্তান হারানো মা-বাবা ও স্বজনের আহাজারি। কফিন নিয়ে রাজপথে লাশের মিছিল। নিখোঁজ সন্তানের সন্ধানে কেউবা পাগলের মতো ছুটছেন হাসপাতাল আর স্কুলের ধ্বংসস্তূপে। এ দৃশ্য পাকিস্তানের। দেশটিজুড়ে এখন চলছে মাতম।

গত মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ার শহরের আর্মি স্কুলে তালেবানের হামলায় ১৩২ শিক্ষার্থী এবং নয়জন শিক্ষক ও স্কুলকর্মী নিহত হন। তাঁদের দাফনের কাজ শুরু হয়েছে গতকাল বুধবার। নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় ইসলামাবাদ, করাচিসহ প্রধান প্রধান শহরে চলছে দোয়া-প্রার্থনা।

শোকাতুর পাকিস্তানিদের প্রতি সমবেদনা এবং নিহত শিশুদের প্রতি সম্মান দেখিয়ে নীরবতা পালন করা হয়েছে চিরবৈরী প্রতিবেশী ভারতের স্কুলে স্কুলে। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান সরকার। খবর বিবিসি, এএফপি, ডন ও এনডিটিভির।

পাকিস্তানের ইতিহাসে এযাবৎ-কালের ভয়াবহতম হামলা, বিশেষত শিশুদের ওপর নৃশংসতার ঘটনায় গতকাল থেকে দেশটিতে শুরু হয়েছে তিন দিনের জাতীয় শোক পালন। ওয়ারসাক রোডের আর্মি স্কুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলার প্রতিবাদ এবং নিহত শিশুদের স্মরণে সারা দেশে এদিন অনেক স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

স্কুল, কলেজ, অফিস-আদালত, দোকানপাট—সবই বন্ধ রাখা হয় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। ঘটনাস্থল পেশোয়ার এখানকারই রাজধানী। হামলার দিন রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে মানুষ জড়ো হয়ে শোক, নিন্দা ও ক্ষোভে ফেটে পড়তে শুরু করেন। মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেন নিহত শিশুদের। আয়োজন করেন প্রার্থনার।

ধ্বংসযজ্ঞের এক দিন পর গতকাল স্কুলটি প্রথমবারের মতো পরিদর্শনে যান দেশি-বিদেশি গণমাধ্যমের কর্মীরা। ফুটে ওঠে নির্মমতার ভয়াবহতা। স্কুলের ক্লাসরুম-করিডরের মেঝে, এখানে-সেখানে ছোপ ছোপ রক্ত। কোথাও সরু রক্তের স্রোত। বুলেটে ঝাঁঝরা হওয়া দেয়ালের গায়েও রক্তের দাগ। ছড়িয়ে-ছিটিয়ে শিশুদের স্কুলব্যাগ, ইউনিফর্ম, জুতা, ছেঁড়া বই, নোটবুক, খাতাপত্র। যে টেবিল-চেয়ারে শিশুরা লেখাপড়া করত, উল্টেপাল্টে আছে সেগুলো। স্কুল মিলনায়তন, যেখানে তারা পরীক্ষা দিচ্ছিল, তার সিঁড়িতেও রক্ত।

খবরে বলা হয়, স্কুলের হতভাগ্য শিক্ষার্থীদের অনেককেই সারিতে দাঁড় করিয়ে মাথায় গুলি করে বন্দুকধারীরা। স্কুলটির নবম গ্রেডের প্রায় সবাই হামলায় মারা গেছে বলেও জানানো হয়। 

বুলেটে ক্ষতবিক্ষত একটি শিশুর লাশই বলে দেয়, কী মাত্রার বর্বরতা হয়েছে স্কুলটিতে। একটি টেলিভিশনের খবরে বলা হয়, এই শিশুর ছোট্ট দেহে নয়টি গুলি বিদ্ধ হয়েছে।

স্বজনহারা অনেকের মতোই গতকাল পেশোয়ারের একটি হাসপাতালে বিলাপ করছিলেন এক স্কুলছাত্রের বাবা। মাথায় হাত রেখে বলছিলেন, ‘ছেলেটা স্কুলে যেতে চায়নি। ওর নাকি মাথাব্যথা করছিল। তখন কি জানতাম, সারা দিন আমাকে ওর লাশ খুঁজতে হবে?’

মৃত্যুদণ্ড ফের কার্যকর: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে পেশোয়ারের গভর্নর হাউসে গতকাল অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় এক জরুরি বৈঠক। বৈঠকে দেশ থেকে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করেছেন তিনি। জঙ্গি-কর্মকাণ্ডে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ারও সিদ্ধান্ত হয় এ বৈঠকে। প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, নওয়াজ শরিফ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।œসন্ত্রাস দমনে করণীয় বিষয় ঠিক করতেই ডাকা হয়েছিল এই বৈঠক।

পাকিস্তানি আইনে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ২০০৮ সালে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সময় এটি কার্যকর করার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। স্থগিতাদেশের এ মেয়াদ শেষ হলে গত বছরের জুনে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেয় নবনির্বাচিত নওয়াজ সরকার। কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর চাপে সরকার স্থগিতাদেশ বহাল রাখতে বাধ্য হয়।

জঙ্গি কর্মকাণ্ডসহ নানা অপরাধে এখন পর্যন্ত দেশটিতে আট হাজার ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঝুলছে। কিন্তু স্থগিতাদেশের কারণে এসব রায় কার্যকর করা যায়নি।

ভারতে নীরবতা পালন: পেশোয়ারের স্কুলে বর্বরতা চালানোর ঘটনায় গতকাল ভারতের পার্লামেন্ট সদস্যরা দুই মিনিটের জন্য নীরবতা পালন ও বিশেষ প্রার্থনা করেছেন। দুই মিনিটের নীরবতা পালন করা হয় সারা দেশের স্কুলেও। নিহত শিশুদের স্মরণ করে স্কুলগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

এর আগে হামলার দিন রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে টেলিফোন করে ভারতের জনগণের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করেন।

মোদি বলেন, তিনি ওই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন। তাঁর দেশ পাকিস্তানের বেদনার অংশীদার।

কাবুলে পাক সেনাপ্রধান: পেশোয়ার হামলার পরের দিনই গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুল গেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। সন্ত্রাস দমনে গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

আফগানিস্তানে মোতায়েন বহুজাতিক বাহিনী আইএসএফের কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেলের সঙ্গেও রাহিল শরিফের সাক্ষাৎ করার কথা রয়েছে। সফরে তাঁর সঙ্গে আছেন পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানও।

আফগান তালেবানের নিন্দা: তেহরিক-ই-তালেবান পাকিস্তানের রক্তক্ষয়ী হামলায় ১৪১ জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান। সংগঠনটি বলেছে, নিরীহ শিশুদের হত্যা করা ইসলাম ধর্মের পরিপন্থী। 

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আফগান তালেবান বলেছে, ‘দ্য ইসলামিক আমিরাত অব আফগানিস্তান যেকোনো সংকটময় মুহূর্তেও শিশু ও নিরীহ ব্যক্তিদের হত্যা করাকে সব সময় নিন্দা জানায়। নিরীহ লোকজন, নারী ও শিশুদের উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা ইসলামি নীতিমালার বিপরীত। প্রতিটি ইসলামি সরকার ও সংগঠনকে এই মৌলিক নীতি মানতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দ্য ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (আনুষ্ঠানিক নাম তালেবান) হামলার ওই ঘটনার নিন্দা জানাচ্ছে এবং নিহত শিশুদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছে।’