র্যাঙ্কিংয়েও মিরাজের বড় লাফ
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন মেহেদী হাসান মিরাজ, দল সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। ভালো খেলার পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। আর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন মিরাজ। র্যাঙ্কিংয়েও গড়েছেন রেকর্ড। নিকট অতীতে বর্তমান দলের আর কোনো খেলোয়াড়ের যে র্যাঙ্কিংয়ে এত ওপরে ওঠা হয়নি।
মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন। নিয়েছেন ১২ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। আজ আইসিসির পক্ষ থেকেও একটা সুখবর পেলেন মিরাজ। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬ নম্বরে। টেস্ট র্যাঙ্কিংয়ে এত উন্নতি বর্তমান দলের আর কোনো বোলারের হয়নি। মিরাজ পেছনে ফেলেছেন সাকিব আল হাসান (২১তম) ও তাইজুল ইসলামকেও (২২তম)। আইসিসি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মিরাজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন। এই সিরিজ তিনি শুরু করেন ২৮তম অবস্থানে থেকে। তবে চট্টগ্রাম টেস্টে মাত্র ৩ উইকেট পাওয়ায় নেমে যান ৩০ নম্বরে। কিন্তু মিরপুর টেস্টে ১২ উইকেট নিয়ে মিরাজ ধুপধাপ সিঁড়ি পেরোনোর মতো পেরিয়েছেন ১৪ ধাপ। ২১ বছর বয়সী স্পিনার পেয়েছেন ক্যারিয়ার-সেরা রেটিং পয়েন্ট—৬৯৬।
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখনো ৯ নম্বরেই আছে। তবে ৮-এ থাকা ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা ধরে ফেলেছে। ক্যারিবীয়দের ধবলধোলাইয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পেয়েছে ৮ রেটিং পয়েন্ট। ৬৯ পয়েন্ট নিয়ে সাকিবরা ৯-এ থাকলেও ৬ পয়েন্ট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৭০ পয়েন্ট নিয়ে আছে তারা ৮-এ।










