মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব ভাইয়ের সাথে কারও তুলনা চলে না : তাইজুল

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ৩৬ তম বোলার হিসেবে দ্রুততম ১০০ উইকেটের মালিক হতে মাত্র কয়েক ধাপ দূরে রয়েছেন তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে ৬ উইকেট পেলেই ক্রিকেটের সবচেয়ে প্রাচীন সংস্করণে ৩৬ তম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেটর মালিক হবেন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন কিছুদিন আগেই। ক্যারিয়ারে ৭ বার পাঁচ উইকেট নিয়ে স্বদেশী মোহাম্মদ রফিককে ছুঁয়েছেন চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই।

এতসব অর্জনের পরও মাটিতেই পা রাখছেন তাইজুল। রেকর্ড নিয়ে ভাবেন না এই বাম-হাতি বোলার।
‘এখন আমার মাথায় এত কিছু নেই। আমি ভালো বোলিং করাটাই চেষ্টা করে যাবো, উইকেট যদি কপালে থাকে আসবে।’

সাকিব বিহীন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনিই। দায়িত্বটা খুব ভালো ভাবেই সামলেছেন সিরিজে তিন ইনিংসে ৫ উইকেট সহ মোট ১৮ উইকেট নিয়ে। ক্যারিবীয়ানদের বিপক্ষে সাকিব থাকা স্বত্বেও দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট।

সাকিব বিহীন দলে বল হাতে সাকিবের অভাব পূরণ করলেও সাকিবের সঙ্গে নিজের তুলনা করতে নারাজ এই অর্থোডক্স বোলার।

‘আসলে আমাদের এশিয়ায় বলেন বা বাহিরে বলেন, সাকিব ভাইয়ের সাথে কারও তুলনা চলে না। তারপরও সাকিব ভাই থাকার পর যখন আমি উইকেট পাই, তখন অনেক ভালো লাগে। মনে হয় একদিন সাকিব ভাই এর মত হয়তো হতে পারবো না, অন্তত কাছাকাছি যেতে পারব। এমন মনে হয়, কিন্তু সাকিব ভাই সাকিব ভাই ই।

সাদা পোশাকে এতো ভালো পারফর্মেন্সের পরও জায়গা হয় না ওয়ানডে কিংবা টি-টুয়েন্টি ফরম্যাটে। এ নিয়ে আফসোস নেই ২৬ বছর বয়সী এই বোলারের। বরং নিজের ভিতর আরও ভালো খেলার তাগিদ অনুভব করেন তিনি।

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ করছেন ইনিংসের শেষ দিকে এসে। ব্যাটিং নিয়ে তাইজুল জানান, ব্যাটিং ভালো করলে আসলে ভালো লাগে। আলাদা কাজ বলতে কি, মাঝে মাঝে ব্যাটিং করি, ভালো লাগে। দেখা যায় কোনও সময় রান পাই, আবার পাই না। রান করার জন্য কনফিডেন্সের দরকার হয়। হয়তো ওই ইনিংসটা আত্মবিশ্বাস দিবে সামনে।