শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফকিরেরপুলে উৎসব

1_189296ক্রীড়া ডেস্ক :দুপুর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত বাদক দল। ঢোল ও বাজনা বাজিয়ে সে কী উল্লাস ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সমর্থকদের। শনিবার এমন আনন্দ-উৎসব চললো খেলার শেষ পর্যন্ত। উৎসবের উপলক্ষ শিরোপা জয়। বেঙ্গল গ্র“প সিনিয়র বিভাগ ফুটবল লীগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ বয়েজকে ৪-২ গোলে হারিয়ে ফকিরেরপুল ইয়ংমেন্স চ্যাম্পিয়ন হয়েছে। ১৮ ম্যাচে ১২ জয়, পাঁচ ড্র ও এক হারে ৪১ পয়েন্টে শিরোপা জেতার সুবাদে আগামী মৌসুমে পেশাদার ফুটবল লীগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে খেলবে ফকিরেরপুলের ক্লাব।

যে ক্লাবের হয়ে খেলে জাতীয় দলে মাঠ কাঁপাচ্ছেন ওয়াহেদ আহমেদ, আরিফুল ইসলাম, তৌহিদুল আলম সবুজ, রেজা ও রনিরা। এ ক্লাবের নির্ভরযোগ্য স্ট্রাইকার রুমন হোসেন রুবেল ১৮ ম্যাচে ১৬ গোল করে সবার্ধিক গোলদাতা। ২০১০ সালে বসুন্ধরা সিনিয়র বিভাগ ফুটবল লীগে শিরোপা জেতার এক মৌসুম পর আবার সিনিয়র বিভাগের শিরোপা জিতল ফকিরেরপুল। অধিনায়ক আরিফ বলেন, ‘কী যে ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। পুরো লীগে ভালো খেলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আগামী মৌসুমে পেশাদার লীগের দ্বিতীয় স্তরে খেলব। একজন ফুটবলার হিসেবে এটা বড় পাওয়া।’ রুমেল বলেন, ‘বেশি গোল করেছি এটা যেমন আনন্দের, তার চেয়ে বড় আনন্দের আমার দল চ্যাম্পিয়ন হয়েছে। খুব ভালো লাগছে দলের এমন সাফল্যে অবদান রাখতে পারায়।’ কোচ হুমায়ুন কবির বলেন, ‘ফকিরেরপুল ইয়ংমেন্সের সঙ্গে আমি দীর্ঘ ১২ বছর জড়িত। পাঁচ বছর খেলোয়াড় ও সাত বছর কোচ হিসেবে। এর মধ্যে ফুটবলার দু’বার ও কোচ হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হয়েছি।’ক্লাবের সভাপতি নাসিরুল ইসলাম মল্লিক পিন্টুও খুশি। তার কথায়, ‘এক মৌসুম পর আবার দলের এমন সাফল্যে আমি খুব খুশি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্থিক সহযোগিতা ছাড়াই এতটা পথ এসেছি আমরা। এলাকাবাসীর সহযোগিতার ওপর নির্ভর করে ক্লাবের সব কর্মকাণ্ড চালাতে হয়। বিজয়ের মাসে আরেকটি বিজয় পেল ফকিরেরপুল। এজন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।’ তিনি যোগ করেন, ‘চ্যাম্পিয়নশিপ লীগে খেলার প্রস্তুতি রয়েছে আমাদের। এ দলটাকেই ধরে রাখব আমরা। সঙ্গে ঢাকার বাইরে থেকে প্রতিভাবান ফুটবলার আনব। চ্যাম্পিয়নশিপ লীগেও আমাদের লক্ষ্য শিরোপা জেতা।’ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম বলেন, ‘খুব ভালো লাগছে। এক ম্যাচ হাতে রেখেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়নশিপ লীগে ভালো করতে আরও ভালোমানের স্থানীয় ফুটবলারের সমন্বয়ে দল গড়ব।’ তিনি যোগ করেন, ‘আমাদের নিজস্ব মাঠ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের মাঠে অনুশীলন করেছি আমরা। সংশ্লিষ্টদের কাছে আবেদন, আমাদের যেন একটি মাঠের ব্যবস্থা করে দেয়া হয়।