ক্রিকেট ছেড়ে দিয়ে কিছুদিন চাকরিও করেছেন রাব্বি
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। আর সেই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ফজলে রাব্বি। কিন্তু এই রাব্বিই আশা ছেড়ে দিয়েছিলেন জাতীয় দলে জায়গা পাওয়ার।
হতাশায় খেলা ছেড়ে দিয়ে কিছুদিন চাকরিও করেছিলেন তিনি। কিন্তু সেই রাব্বিই এবার জায়গা পেল দলে। তবে বলতে গেলে জায়গা নয় বরং আসন্ন সিরিজে তার অভিষেক হওয়াটা অনেকটাই নিশ্চিত।
ক্যারিয়ারের এই উত্থান পতনের গল্পটা আজ নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘আসলে খেলতে খেলতে হয় না এমন। দেখলাম, আমি সামনেও যাচ্ছি না, আমার পড়াশোনাও শেষ হয়ে যাচ্ছে। ওই সময় চিন্তা করি, অন্য কোন পেশায় যাব কি না। চিন্তা করেছিলাম খেলা ছাড়ার। কিন্তু কিছুদিন চাকরি করার পর মনকে সায় দিতে পারলাম না। মনে হল, আমি খেলা ছাড়া থাকতে পারব না। তারপর আবার চলে আসলাম, আবার খেলায় মন দিলাম।’
তিনি আরো বলেন, ‘ওই বছর আমি আমার বন্ধুদের বলেছিলাম, আমি খেলব না। এরপর একদম খোলা মনে যখন খেলতে গিয়েছিলাম, তখন আমার মনে কোন চাপ ছিল না। শেষ পর্যন্ত পারফরম্যান্স ভালো হয়েছে। এরপর থেকেই আসলে পরিবর্তনটা শুরু, মানসিকতায় পরিবর্তন এসেছে। বুঝেছি চাপ ছাড়া খেললে ভালো খেলতে পারব। এখন ওইরকম চিন্তাই করি না খেলা নিয়ে। আমি সেটাই করার চেষ্টা করছি।’
এছাড়াও প্রতিপক্ষ জিম্বাবুয়েকে নিয়ে তিনি বলেন, ‘আমার একদমই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। আমি জানি না জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা অন্য কোন দলের সাথে খেলছি। আমি আমার মতই খেলব, যদি সুযোগ পাই। আমি কার সাথে খেলছি, এটা বড় ব্যাপার নয়। কি খেলছি এটাই বড়।’











