মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাস ভেগাসের হোটেলে কী করেছিলেন রোনালদো?

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরে বিপর্যস্ত পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ধর্ষণের মতো গুরুতর অভিযোগ মাথায় নিয়ে নামছেন মাঠে। চাপের মধ্যেও জুভেন্টাসের হয়ে নিয়মিত গোল পাচ্ছেন এবং সতীর্থদের দিয়েও করাচ্ছেন। তবে রোনালদো বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

লাস ভেগাসের হোটেলে কী ঘটেছিল সেদিন? ধর্ষণের অভিযোগকারী কী বলেছেন?

কী ঘটেছিল সেদিন ?

২৪ বছর বয়সী রোনালদো ২০০৯ সালের ১৩ জুন লাস ভেগাসের পাম হোটেলে দুলাভাই ও খালাতো ভাইদের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। ক্যাথরিন মায়োরগা নামে যুক্তরাষ্ট্রের ৩৪ বছর বয়সী এক নারী জানান, ওই দিন তিনি রোনালদোর সঙ্গে হোটেলের ভিআইপি এলাকায় সাক্ষাৎ করেছিলেন। রোনালদো তাকে এবং তার বন্ধুকে স্যুটে আমন্ত্রণ করেছিলেন। স্যুটটি ছিল পাম হোটেলের ৫৭৩০৬ নম্বর কক্ষ। জাঁকজমকপূর্ণ স্যুটটিতে জাকুজির ব্যবস্থাও ছিল।

মায়োরগা বলেন, ‘হট টাবে নামতে চাননি। কারণ তিনি চাচ্ছিলেন না তার পোশাক খুলতে। রোনালদো তাকে অফার করে অন্য পোশাক পরতে। বাথরুমে গিয়ে পরিবর্তন করার জন্য বলেছিলেন তিনি।’

কিন্তু আদালতের দেওয়া কাগজপত্রে বলা আছে, যখন মায়োরগা পোশাক পরিবর্তন করছিলেন তখন রোনালদো হাঁটছিলেন তার পাশে এবং তাকে যৌন কাজ করার জন্য অফার করেছিলেন। কিন্তু মায়োরগা অস্বীকৃতি জানিয়ে রোনালদোকে চুমু খেয়েছিলেন যাতে করে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন।

মায়োরাগার জানান, রোনালদো তাকে বেডরুমে টেনে নিয়ে যান এবং ধর্ষণ করেন। তখন মায়োরগাকে রোনালদো বলেন, ‘আমি ৯৯ ভাগ ভাল মানুষ, মাত্র ১ ভাগ খারাপ।’

ধর্ষণের প্রথম অভিযোগ :

ক্যাথরিন মায়োরগা অভিযোগ করেন, পর্তুগিজ ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো তাকে লাস ভেগাসের একটি হোটেলে ধর্ষণ করেছিলেন। জার্মানভিত্তিক ম্যাগাজিন ‘দার স্পিজেল’ এ খবর প্রকাশ করে।

ধর্ষণের অভিযোগকারী ক্যাথরিন মায়োরগা জানান, এক সন্ধ্যায় লাস ভেগাসে পার্টি করে সময় কাটানোর পর রোনালদো তাকে ধর্ষণ করেন। লাস ভেগাসে তিনি দুলাভাই-খালাতো ভাই বোনদের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন।

ম্যাগাজিনটিতে বলা হয়েছে, রোনালদো ওই নারীকে ৩ লাখ ৭৫ হাজার ইউএস ডলার দিয়েছিলেন এ ঘটনায় মুখ না খোলার জন্য। তবে ফিফার পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড় সব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ওই নারীর সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল।

দ্বিতীয় অভিযোগ :

এবার ক্যাথরিন মায়োরগার আইনজীবী রোনালদোর বিরুদ্ধে আরও এক নারীকে যৌন হেনস্থার অভিযোগ আনলেন। তিনি বলেন, ‘আমি এমন একজন নারীর ফোন পেয়েছি, যিনি অভিযোগ করেন, তারও একই অভিজ্ঞতা (মায়োরগার মতো) রয়েছে।’ তবে তিনি এই নারীর পরিচয় প্রকাশ করেননি।

রোনালদোর বক্তব্য :

ধর্ষণের ওই অভিযোগের বিষয়ে টুইটারে রোনালদো লিখেন, ‘আমি দৃঢ়ভাবে আমার প্রতি ওঠা অভিযোগ অস্বীকার করছি। ধর্ষণ খুবই জঘন্য একটি অপরাধ। আমি নিজেও এ ধরনের অপরাধের ঘোরতর বিরোধী। আমি নিজে চাই এই অভিযোগ থেকে মুক্তি পেতে। এমনকি আমার নামে মিডিয়ায় যে সব অভিযোগ উঠে এসেছে এবং মনগড়া বক্তব্য এসেছে,সেই সব কিছুর বিরোধিতা করছি আমি।’