মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে পাখিরাও মাতাল

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঞ্চলের গিলবার্টে পাখিদের মধ্যে দেখা যাচ্ছে বিচিত্র আচরণ। অন্য সময়ের মতো তারা স্বাভাবিক আচরণ করছে না। উড়ে এসে পড়ছে কখনও চলন্ত গাড়ির সামনে আবার কখনোবা গাছপালার ওপর। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এমন অস্বাভাবিক আচরণ করা পাখির মধ্যে রয়েছে রবিন ও সিডার ওয়াক্সউইংস।

পুলিশ বলছে, পাখিদের এমন বিচিত্র আচরণ দেখে অবাক হওয়ার কিছু নেই। তারা কিছুটা মাতাল। এ সম্পর্কে গিলবার্ট পুলিশ প্রধান টাই টেকার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কিছু পাখিকে স্বাভাবিকের চেয়ে কিছুটা মাতাল মনে হচ্ছে।

টেকার মনে করছেন, এক ধরনের ফল খাওয়ার কারণেই এমন অবস্থা হচ্ছে পাখিদের। ওই ফলের নাম বেরি বেন্ডার। অকাল তুষারপাতের কারণে ওই ফলগুলো কিছুটা মজে গেছে। আর সেগুলো খেয়েই মাতলামি করছে পাখিরা।

টেকার বলেন, অকাল তুষারপাত হলেও এবার অনেক পাখি অন্যত্র সরে যায়নি। যে কারণে গত বছরের চেয়ে সমস্যাটি বড় আকার ধারণ করেছে। অল্প বয়সী পাখিগুলো এ ধরনের ফল খেয়ে নিজেদের ঠিক রাখতে পারে না।

এদিকে পাখিদের মাতাল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আনা পিজন। তিনি বলেন, শীতের শেষের দিকে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়।
পিজন পরামর্শ দিয়েছেন, এমন মাতাল পাখি সামনে পেলে যেন অন্ধকার সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়। ভালো না হওয়া পর্যন্ত পাখিগুলোকে কোনও ছাউনি বা কার্ডবোর্ডের বক্সে রাখার অনুরোধ করেছেন তিনি।