চিটাগাং ভাইকিংসের আইকন মুশফিক, থাকছেন আরও চারজন তারকা ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক: আগামী ৫ই জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। আসন্ন বিপিএল আসরকে সামনে রেখে আগামী ২৫ অক্টোবর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। কিন্তু হটাৎ করেই বিপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় চিটাগাং ভাইকিংস ফ্র্যাঞ্চাইজি ডিবিএল (দুলাল এন্ড ব্রাদার্স লিমিটেড) গ্রুপ।
প্লেয়ার ড্রাফটের আগে চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে যায় বিপিএল আয়োজক কর্তৃপক্ষ। আর তাই আজ বুধবার ডিবিএল গ্রুপের সাথে আলোচনায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর সেই আলোচনার মধ্য থেকে জানা যায় গামী জানুয়ারিতে হতে যাওয়া ষষ্ঠ আসরে ডিবিএল গ্রুপই থাকবে চিটাগাংয়ের দলের মালিকানায়।
এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ডিবিএল গ্রুপের সাথে আমাদের আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছে তারা। আসন্ন মৌসুমে চিটাগাংয়ের দলের মালিকানা নিচ্ছে ডিবিএল। টুর্নামেন্টে নিজেদের ধরে রাখা চার ক্রিকেটারের নামও জানিয়েছে তারা।’
নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঙ্কি, জিম্বাবুয়ের অফস্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজা, আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার নাজিবউল্লাহ জাদরান ও বাংলাদেশের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামকে ধরে রেখেছে চিটাগং। একই সঙ্গে দলটিতে আইকন হিসেবে যোগ দেবেন গত মৌসুমে রাজশাহীর হয়ে খেলা মুশফিকুর রহিম।











