রোমার গোল উৎসব : মস্কোতে হারল রিয়াল
স্পোর্টস ডেস্ক : মস্কোতে এবার হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে স্বাগতিক দল সিএসকেএ মস্কোর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে দলটি হেরে গেছে ১-০ গোলে।
রিয়ালে খেলা জার্মান তারকা টনি ক্রুস দ্বিতীয় মিনিটেই মস্কোর দলটিকে গোল উপহার দেন। তার ভুলেই ব্যাকপাস থেকে বল পেয়ে যান নিকোলা ভ্লাসিক। এভারটন থেকে দ্বারে আসা এই ক্রোয়েশিয়ান ফুটবলার সুযোগ পেয়ে কোনও ভুল করেননি। পেনাল্টি এরিয়ায় রিয়াল গোলরক্ষক কেইল নাভাসকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন জালে।
করিম বেনজেমা, ক্যাসমিরো ও মারিয়ানোরা রিয়ালকে সমতা ফেরাতে চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টায় তারা সফল হতে পারেননি। সিএসকেএ গোলরক্ষক ইগর অকিনফিভ যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দুই হলুদ কার্ড দেখে বাইরে চলে যান। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।

রিয়াল অধিনায়ক সার্জিও রামোসকে এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল। আরেক তারকা ফুটবলার ক্রোয়েশিয়ার লুকা মডরিচও ছিলেন সাইড বেঞ্চে। এমতাবস্থায় মাত্র ৬৫ সেকেন্ডেই সুযোগ পেয়ে কাজে লাগায় সিএসকেএ।
ম্যাচে ৬৯ ভাগ বল নিয়ন্ত্রণ করেছে রিয়াল। গোলের জন্য ২৬ দফায় চেষ্টাও করেছে দলটি। তবে কাজের কাজ করতে পারেনি তারা।
‘জি’ গ্রুপে দিনের অপর ম্যাচে এডিন জেকোর হ্যাটট্রিকে ইতালিয়ান ক্লাব রোমা ৫-০ গোলের বড় ব্যবধানে ভিক্টোরিয়া প্লেজেনকে হারিয়েছে। এতে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে সিএসকেএ মস্কো। সমান তিন পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে রিয়াল দ্বিতীয় ও রোমা রয়েছে তৃতীয় স্থানে। আর এক পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া প্লেজেন রয়েছে চার-এ।











