রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে না: নোবেল ফাউন্ডেশনের প্রধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নেত্রী হিসেবে অং সান সু চির কিছু কর্মকাণ্ড দুঃখজনক কিন্তু তার নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে না বলে জানালেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন।

গত শুক্রবার সুইডেনের রাজধানী স্টোকহোমে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
লার্স হেইকেনস্টেন বলেন, বিচারকরা সু চির তখনকার কর্মকাণ্ডের ভিত্তিতে তাকে নোবেল পুরস্কার ভূষিত করার সিদ্ধান্ত নেন। তাই পরবর্তী কোনও ঘটনার জন্য এই পুরস্কার কেড়ে নেয়ার কোনও মানেই হয় না।

তিনি বলেন, পুরস্কার পাওয়ার পরে নোবেল বিজয়ীদের অনেকেই এমন কিছু করেছেন যেগুলো আমরা অনুমোদন করতে পারি না। ভবিষ্যতেও করবে। আমরা এগুলোকে ঠিক না বললেও এড়িয়ে যাওয়া অসম্ভব।

নোবেল ফাউন্ডেশনের প্রধান বলেন, মিয়ানমারে সু চি কী করছেন আমরা দেখেছি এবং সেগুলো প্রশ্নবিদ্ধও হয়েছে। এসবের দায় অবশ্যই তার। আর এক্ষেত্রে আমরা মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছি, যেটা আমাদের মূল বিষয়গুলোর একটি।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাখাইনে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের কারণে মিয়ানমারের নেত্রী অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করতে কানাডার সংসদ সদস্যরা ভোট দেন। এর আগে ২০০৭ সালে সু চিকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়।