ভারতের গোয়েন্দা প্রতিবেদন: সংসদ নির্বাচনে হামলার পরিকল্পনা জেএমবির
ডেস্ক রিপোর্ট।। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় হামলা চালানোর পরিকল্পনা করছে জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সম্প্রতি তারা এ লক্ষ্যে গোপনে বৈঠক করেছে বলে জানতে পেরেছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের দেওয়া প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল সোমবার জিনিউজ এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে বাংলাদেশে সক্রিয় অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সহায়তায় অস্ত্র ও আত্মঘাতী ভেস্ট কেনার বিষয়ে আলোচনা করে জেএমবি সদস্যরা। নির্বাচনের আগেই ৩০০ নতুন সদস্য সংগ্রহেরও সিদ্ধান্ত নেয় জঙ্গিগোষ্ঠীটি। চট্টগ্রামে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করতে জেএমবি চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন জেলায় নতুন ৫০টি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে তাদের।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি ভারতের জন্যও উদ্বেগের। কারণ তারা ভারতেও অবস্থান করছে এবং বাংলাদেশের অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে। সম্প্রতি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) প্রতিবেদনে বলা হয়েছে, জেএমবি ভারতে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে।
ভারতের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষে জেএমবি ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী ঘাঁটি গেড়েছে। এসব ঘাঁটিতে পাকিস্তানি লস্কর জঙ্গিরাও অবস্থান করছে বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহে বেঙ্গালুরু থেকে জেএমবির এক শীর্ষ নেতা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে এনআইএ। পশ্চিমবঙ্গে ২০১৪ সালের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় তাকে খুঁজছিল ভারতের পুলিশ। তার বিরুদ্ধে বাংলাদেশেও কয়েকটি মামলা রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া ও মালদা এবং আসামেও জেএমবির নেটওয়ার্ক রয়েছে।











