বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইদলিবে সহিংসতা রুখতে এক হতে পারলেন না তারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইদলিবে অস্ত্রবিরতি কার্যকর করার বিষয়ে একমত হতে পারেনি ইরান, রাশিয়া ও তুরস্ক। ইদলিবে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়াতে গতকাল শুক্রবার তেহরানে বৈঠকে বসে এই তিন দেশের নেতারা।

জাতিসংঘের হিসাব মতে, ইদলিবের জনসংখ্যা ২৯ লাখ। এর মধ্যে ১০ লাখই শিশু। এদিকে সিরিয়ার সরকারি বাহিনী খুব শিগগিরই অভিযান শুরু করবে এমন আশঙ্কায় এলাকা ছেড়ে পালাচ্ছে শত শত মানুষ। ইদলিবে সর্বাত্মক অভিযান শুরু হলে রক্তবন্যা বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রুহানি বলছেন, সিরিয়ায় স্থিতিশীলতা এবং শান্তি ফেরানোর মিশনের অংশ হিসেবে ইদলিবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা অবশ্যম্ভাবী। তবে তা করতে গিয়ে বেসামরিক নাগরিকদের যেন ক্ষতি না হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ‘বৈধ সিরিয়া সরকারের অভিযান চালানোর অধিকার আছে এবং শেষ পর্যন্ত জাতীয় ভূখন্ডের পুরোটাই তাকে নিয়ন্ত্রণে আনতে হবে।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এ বৈঠককেই ইদলিব প্রদেশে রক্তবন্যা এড়ানোর শেষ সুযোগ বলে বর্ণনা করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইদলিবে মানবিক বিপর্যয় নিয়ে আগেই সতর্ক করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রও ইদলিবে হামলার ফল অপরিণামদর্শী হবে বলে হুঁশিয়ার করেছে।

বৈঠক চলাকালীন ইদলিবের বিদ্রোহী অবস্থানগুলোতে শুক্রবার সকালেও নতুন করে বিমান হামলা হওয়ার খবর এসেছে। তার ওপর সিরিয়ার সরকারি বাহিনী সেখানে রাসায়নিক অস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে- এমন প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক নতুন মার্কিন দূত জিম জেফ্রে।

সিরিয়ার ইদলিব প্রদেশটিই এখন বিদ্রোহী ও জিহাদি গোষ্ঠীগুলোর শেষ ঘাঁটি হওয়ার কারণে অনেক ঝুঁকি নিয়েও সেখানে যুদ্ধ থেকে পিছু হটতে রাজি নয় সিরিয়া ও রাশিয়া। অন্যদিকে বিদ্রোহী গ্রুপগুলোকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসা তুরস্কের আশঙ্কা, ইদলিবে সর্বাত্মক অভিযান তাদের সীমান্তে নতুন করে বড় ধরনের আরেক শরণার্থী সংকট সৃষ্টি করবে।