মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য সেতু ধসে পড়েছে’

news-image

কলকাতা প্রতিনিধি: কলকাতার মাঝেরহাট সেতু ধসে পড়ার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের দোষ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ।

গত মঙ্গলবার মাঝেরহাট সেতু ধসে পড়ার পর যে রাজনৈতিক বাক্যবিনিময় চলছে, তার মধ্যে হঠাৎ করেই দিলীপ ঘোষের এ ধরনের উদ্ভট কথা অনেককেই অবাক করে দিয়েছে।

দিলীপ বলেন, কলকাতার সব সেতুর নীচে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা থাকেন। ওনারা রান্না করেন, তাতে ধোঁয়া হয় আর এইজন্য সেতু দুর্বল হয়ে যায়।

তিনি আরো বলেন, আমি তাই বারবার বলছি বাংলাতেও এনআরসি (নাগরিকত্বের তালিকা) দরকার। সেতু ভেঙে পড়ার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের দোষ দেওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, কলকাতা ও শহরতলির আশেপাশে সরাসরি জমি দখল করে বসে আছে এইসব অনুপ্রবেশকারীরা। এনআরসি ছাড়া আর কোনো উপায় নেই।

বিভিন্ন ধরনের বেফাঁস মন্তব্য করে তিনি আগেও বিতর্কের জন্ম দিয়েছেন। কিন্তু আজকের মন্তব্য সব কিছু ছাপিয়ে গেছে। এ ব্যাপারে একজন আমলা বলেন, এত হাস্যকর ব্যাপার কী করে উনি বললেন বুঝতে পারছি না।