‘তাদের জেল না দিয়ে প্রশংসা করা উচিত’
অনলাইন ডেস্ক : রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে মিয়ানমারের আদালতের দেওয়া কারাদণ্ডাদেশ রায়কে বাতিল করে অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। গতকাল মঙ্গলবার এক টুইটে মাইক বলেছেন,’ওয়া লোন ও কিয়াও সো ও মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার যে ঘটনা উদঘাটন করেছেন, সেজন্য তাদের জেল না দিয়ে প্রশংসা করা উচিত।’
এ সময় মিয়ানমার সরকারকে শক্তিশালী গণতন্ত্রের জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতার কথাও মনে করিয়ে দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।
গত সোমবার মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার রয়টার্সের ওই দুই সাংবাদিককে গত সোমবার ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দেয় ইয়াংগনের একটি আদালত।
রাখাইনের সেনা অভিযানের সময় ইনদিন গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যা করে লাশ পুঁতে ফেলার একটি ঘটনা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন ওই দুই সাংবাদিক। মামলার শুরু থেকে বরাবরই নিজেদের নির্দোষ দাবি করে আসা এই দুই সাংবাদিক মামলার বিচারের সময় আদালতকে বলেছিলেন, গত ১২ ডিসেম্বর ইয়াংগনের এক রেস্তোরাঁয় দাওয়াত দিয়ে নিয়ে দুই পুলিশ সদস্য তাদের হাতে কিছু মোড়ানো কাগজ ধরিয়ে দেন এবং তার পরপরই সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, রয়টার্সের দুই সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে সত্য বলার অপরাধে। তাদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র আরও সোচ্চার ভূমিকা নেবে।
গতবছরের ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ওই অভিযানে এ পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ।
এদিকে রায়ের পর পরই দুই সাংবাদিকের স্ত্রী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার ইয়াংগনে সংবাদ সম্মেলন করে বলেন, ওয়া লোন ও কিয়াও সো নির্দোষ, তাদের মুক্তি দিয়ে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেওয়া হোক।











