পেলের ছেলের ৩৩ বছরের জেল
ক্রীড়া ডেস্ক :সময়টা ভালো যাচ্ছে না ফুটবল-সম্রাট পেলের। আর্থিক কেলেঙ্কারিতে তার ছেলেকে জেলেই যেতে হচ্ছে আপাতত। শাস্তি মওকুবের আর্জি জানিয়ে তিনি উচ্চতর আদালতে আপিল করলেও তা খারিজ হয়ে গেছে।
চলতি বছরের গোড়ায় আর্থিক তছরুপের একটি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন পেলের ছেলে এদসন চোলবি দো নাসিমেন্তো বা এদিনহো। তদন্তে নেমে তার সঙ্গে মাদক চোরাচালানকারীদের যোগসূত্র খুঁজে পায় পুলিশ। নির্দিষ্ট সময়ে এদিনহোর বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়। বিচারে ৩৩ বছরের সশ্রম কারাদণ্ড হয় তার।
এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেন তিনি। যতদিন এই আপিল মামলা চলছিল, ততদিন তিনি জামিনে মুক্ত ছিলেন। কিন্তু গতকাল আদালত আর্জি খারিজ করে দেয়।
বিচারক সুজানা পেরেইরা বলেছেন, সুপ্রিম কোর্টে আপিল করতেই পারেন আসামি। কিন্তু যতদিন না সেই মামলার চূড়ান্ত ফয়সালা হচ্ছে, ততদিন এদিনহোকে জেলেই থাকতে হবে।
৪৪ বছরের এদিনহো ব্রাজিলের একজন নামি ফুটবলারও বটে। কিন্তু মাদক চোরাচালানে নাম জড়িয়ে যাওয়ায় এখন আর আগের মতো জনপ্রিয়তা নেই তার।











