বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর ‘সংশোধনী এজেন্ডা’ আমেরিকার স্বার্থে রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

news-image

পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেল বলেছেন, পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের ‘সংশোধনী এজেন্ডা’ যুক্তরাষ্ট্রের স্বার্থে রয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরাইশির সঙ্গে বিদায়ী সাক্ষাতে ডেভিড হেল এ মন্তব্য করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে দু’দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে ডেভিড হেল বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র পাকিস্তান সফরের মাঝ দিয়ে দু’দেশের সম্পর্কের নতুন সূচনা হবে।

এসময় শাহ মাহমুদ কুরাইশি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোড়দার করার আশা প্রকাশ করে বলেছেন, ইসলামাবাদও মাইক পম্পেওকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে ডেভিড হেলও দু’দেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য অতীতের সকল পররাষ্ট্রমন্ত্রীদের প্রশংসা করেন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও এর প্রতি গুরুত্ব দেবেন বলে আশা ব্যক্ত করেন। তিনিও দু’দেশের সম্পর্ক জোড়দার ও আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকরি ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশিও উপস্থিত ছিলেন। সূত্র: ডন উর্দু