বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান প্রধানমন্ত্রীর শপথ নেবেন ১৮ আগস্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনা থাকলেও তা পিছিয়েছেন ইমরান খান। গতকাল শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষণা দেয় স্বাধীনতা দিবসের পরে আগামী ১৮ আগস্ট দেশটির ২১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

আজ শনিবার ডনের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার বানিগালায় ইমরানের ব্যক্তিগত বাসভবনে পিটিআই এর জ্যেষ্ঠ নেতারা এক বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে আগামী ১৩ আগস্ট সোমবার দেশটির আইন প্রণেতা বা জাতীয় পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন ইমরান।

গতকাল শুক্রবার পিটিআই দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, ‘দলের বৈঠকে এটাই সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী হিসেবে ১৮ আগস্ট শপথ নেবেন ইমরান খান। বানিগালায় দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়।’

এদিকে বৈঠকের পর জাতীয় পরিষদের স্পিকার হিসেবে আসাদ কায়সার, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের স্পিকার হিসেবে চৌধুরী সরওয়ার এবং পাঞ্জাব প্রদেশের গভর্নর হিসেবে শরীক দল পিএমএল-কিউ এর নেতা চৌধুরী পারভেজ এলাহীর নাম ঘোষণা করা হয়।
গত ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের পিটিআই ১১৬ আসন পায়। তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তিনিই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন।