প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করবে নিউজিল্যান্ড, জরিমানা ১ লাখ ডলার
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা অ্যারদেরন আগামি এক বছরের মধ্যে দেশটিতে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করবেন বলে জানিয়েছেন। দেশটির খুচরা বিক্রেতাদের প্লাস্টিক ব্যাগের সরবরাহ বন্ধের জন্য ৬ মাসের সময় দেয়া হবে, পরবর্তীতে না মানলে ১ লাখ ডলার জরিমানা করবে বলেও উল্লেখ করেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দর অ্যারদেরন বলেন, নিউজিল্যান্ডের পরিবেশগত পরিচ্ছন্নতা ও নিরাপত্তার কথা ভেবেই প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘প্রতি বছর নিউজিল্যান্ডে লাখ লাখ প্লাস্টিকের ব্যাগের ব্যবহার হয়। যা আমাদের উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশে প্রভাব ফেলে। যার ফলে সামুদ্রিক জীবনব্যবস্থা এখন বিশাল হুমকির মুখে রয়েছে।’
অ্যারদেরন বলেন, এটা পরিষ্কার যে নিউজিল্যান্ডবাসীও চায় এ ব্যাপারে একটি পদক্ষেপ নেয়া হোক। তিনি আরও বলেন, সবচেয়ে বিশাল ব্যাপার বিদ্যালয়ের ছেলেমেয়েরা এই সমস্যার কথা আমাকে লিখে জানিয়েছে। এদিকে উন্নত বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডে মাথাপিছু বর্জ্য উৎপাদনের হার সর্বোচ্চ। দেশটিতে প্রতি বছর ৭৫ কোটি শপিং ব্যাগ ব্যবহার হয়। বছরে একজন ব্যক্তি মাথাপিছু ১৫৪টি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেন। গার্ডিয়ান











