একশো পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি প্রেসিডেন্ট দুতার্তের
অনলাইন ডেস্ক : ফিলিপাইনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযুক্ত একশো পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মঙ্গলবার তিনি এ হুমকি দেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার রাতে দুতার্তের দেয়া বক্তৃতার ভিডিও বুধবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দুতার্তেকে বলতে দেখা যায়, ‘তোমাদের আর দরকার নেই, তোমরা সমাজের শত্রু।’
স্থানীয় গণমাধ্যম ইফে নিউজের খবরে বলা হয়, সেখানে উপস্থিত ৩ কর্মকর্তা বর্তমানে জেল খাটছিলেন। প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে সম্প্রতি তাদের সাময়িক মুক্তি দেয়া হয়।
দুতার্তে বলেন, ‘দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ না করলে আমি তোমাদের খুন করবো।’
‘তোমাদের ভাগ্য ভাল এখানে অনেক মানুষ উপস্থিত আছে। নইলে আমি এখনই তোমাদের মারা শুরু করতাম’ বলেন ফিলিপিনো প্রেসিডেন্ট।
এর আগে ২০১৭ সালেও ২০০ পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছিলেন দুতার্তে।
মানবাধিকার সংস্থা গুলো বলছে দুতার্তে ক্ষমতার আসার পর শুরু করা মাদক বিরোধী অভিযানে ফিলিপাইনে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।











