বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানই প্রধানমন্ত্রী, ঠেকাতে পারছে না বিরোধী জোট

news-image

ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে পারছে না বিরোধীরা। সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট সমর্থন আছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শেষ পর্যন্ত ১৮০ এমপির সমর্থন পাবেন বলে মনে করছে দলটি।

ইতিমধ্যে ১৭৬ এমপির সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছেন বলে দাবি তাদের। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন বলছে, এ পর্যন্ত ১৪৩ জনের সমর্থন পেয়েছে ইমরানের দল। সরকার গড়তে ১৩৭টি আসন আবশ্যক।

এদিকে ইমরানের প্রধানমন্ত্রী ঠেকাতে সব চেষ্টা চালাবে বলে জানিয়েছে বিরোধী জোট। এমনকি পার্লামেন্টে নিজেদের প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী ঘোষণা করেছে বিরোধী জোট। দ্য ইন্টারন্যাশনাল নিউজ এ খবর দিয়েছে।
পিটিআইয়ের মুখপাত্র ফোয়াদ চৌধুরী জানান, সরকার গঠনে তারা ১৮০ এমপির সমর্থন পাবেন বলে মনে করছেন। শুক্রবার পিটিআইকে সমর্থন দিয়েছে অন্যতম বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-কিউ (পিএমএল-কিউ)। নির্বাচনে তিনটি আসন পায় দলটি।

ফোয়াদ দাবি করেন, পিটিআই’র নিজের ১১৫ আসনের সঙ্গে যোগ দিয়েছে ৯ সতন্ত্র এমপি। আরও ৪টি সতন্ত্র প্রার্থীও তাদের ভোট দেবে। এছাড়া ২৭টি নারী আসন (সংরক্ষিত) ও ৫টি সংখ্যালঘু (সংরক্ষিত) আসনও পিটিআই পাবে বলে দাবি করেন তিনি।

ফোয়াদ আরও দাবি করেছেন, মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) ৭টি আসনও তারা পাচ্ছেন। আরও পাচ্ছেন বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) ৫টি আসন, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মঙ্গলের বিএনপি-এম) তিনটি আসন, গ্রান্ড ডেমোক্রেটিক পার্টির (জিডিএ) দুটি আসন এবং আওয়ামী মুসলিম লীগের (এএমএল) একটি আসন।

তবে পাকিস্তানের মিডিয়া ডন জানায়, এ পর্যন্ত ১৪৩ এমপির সমর্থন পেয়েছে ইমরান খানের দল। ৩৪২ আসনের জাতীয় পরিষদে ২৭২ আসনে নির্বাচন হয়। এর মধ্যে গত ২৫ জুলাইয়ের নির্বাচনে অনুষ্ঠিত ২৭০ আসনের মধ্যে পিটিআই পেয়েছে ১১৫টি আসন।

সরকার গঠন করতে দরকার ১৩৭ আসন। প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ আটকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীরা। পিটিআইকে সংখ্যালঘু করতে ছোট ছোট দলগুলো নিয়ে ‘অ্যালায়েন্স ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ নামে বিরোধী জোট গঠন করেছে অপর দুই প্রধান বিরোধী দল। এমএমএসহ তাদের হাতে রয়েছে ১১৯টি আসন। তবে সংরক্ষিত নারী আসন ও স্বতন্ত্র এমপিদের নিয়ে তারা কতটি আসনের সমর্থন পাবেন এখন দেখার বিষয়।