তামিম–ইমরুলের অবিচ্ছিন্ন জুটি
ক্রীড়া ডেস্ক :মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন বাংলাদেশের উদ্বোধনী জুটি। ক্রিকেটপ্রেমীদের এই দৃশ্যটি দেখতে অপেক্ষা করতে হল বেশ অনেক দিনই। তামিম ইকবাল ও ইমরুল কায়েস জুটি দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছেন দারুণ ঠান্ডা মাথার ব্যাটিংয়ে। ধীর-স্থির থেকে রানের চাকাটা সচল রেখে জিম্বাবুইয়ান বোলারদের ওপর তাঁদের আধিপত্যটা এই মুহূর্তে প্রাণভরেই উপভোগ করছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন এই জুটির সংগ্রহ বিনা উইকেটে ৯১ রান।
তামিম খুলনায় প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রথম ইনিংসের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। চট্টগ্রামে নিজের ঘরের মাঠে অবশ্য আজ তিনি একটা ভালো ইনিংস খেলার জন্য বেশ মরিয়াই। বিরতির আগ পর্যন্ত তামিমের শরীরী ভাষায় যেন সেই মরিয়া অভিব্যক্তিই পঠিকরে বেরোচ্ছিল। তাঁর ব্যাট থেকে এখনো পর্যন্ত এসেছে ৪৪ রান। ৮৫ বলে সাতটি চারে সাজানো তাঁর এই চমৎকার ইনিংসটি। একটা সেঞ্চুরি পেয়ে গেলে কিন্তু দারুণ এক ঘটনারই স্বাক্ষী হবে আজ চট্টগ্রাম।
শামসুর রহমানের জায়গায় খেলতে নামা ইমরুলও মরিয়া নিজেকে প্রমাণের। এখনো পর্যন্ত তাঁর ব্যাটও কথা বলছে দারুণ ভঙ্গিতে। ১০১ বলে ৪১ রান করে ভালো একটি ইনিংসের ভিত কিন্তু গড়ে ফেলেছেন ইমরুল।
জিম্বাবুয়ে বোলারদের জন্য আজকের সকালটা যথেষ্ট সংগ্রামেরই। তবে তামিম-ইমরুলের জুটিতে কিন্ত তাঁদের নির্বীষ বোলিংয়ের অবদানও কিন্তু কম নয়।












