আসাম ইস্যু প্রভাব ফেলতে পারে ভারত-বাংলাদেশ সম্পর্কে
ভারতের আসাম রাজ্যে সোমবার প্রকাশিত এনআরসির (জাতীয় নাগরিক নিবন্ধন) তালিকা থেকে ৪০ লক্ষ লোকের নাম বাদ দেওয়ার ঘটনার প্রভাব পড়তে পারে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে। তাই অবিলম্বে এই বিষয়ে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস।
ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা বলেন, অবিলম্বে ভারত সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। কোনো ভারতীয় নাগরিকত্ব হারাবেন না, এটা সুনিশ্চিত করতে হবে সরকারকে। এই ব্যপারে সরকার কী ব্যাবস্থা নিচ্ছে, সেটা বিরোধীদের জানাতে হবে। তিনি বলেন, আসমের এই ঘটনা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। তাই ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন সংক্রান্ত ইস্যুর আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে।
তিনি অভিযোগ করেন, আসামে এনআরসি’র খসড়া চূড়ান্ত করার সময় কী পদ্ধতি এবং কী পন্থা ব্যাবহার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি বলেন, পুরো প্রক্রিয়ার মধ্যে যেসব ঘাটতি বা গলদ রয়েছে সেগুলি দূর করে ১৯৮৫ সালে ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উপস্থিতিতে স্বাক্ষরিত আসাম চুক্তি মেনে, তার পরিধির মধ্যে থেকেই যাবতীয় সমস্যা মেটাতে হবে। এ নিয়ে যেন কোনও রাজনীতি করা না হয়।
সোমবার আসামের জাতীয় নাগরিক নিবন্ধন তালিকা প্রকাশের পর দেখা যায় এতে ৪০ লাখের বেশি মানুষের নাম পড়েছে। বাদ পড়ারা প্রবল আতঙ্কে রয়েছেন। এ সংক্রান্ত যাবতীয় বিষয় ও যাবতীয় প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত ওই তালিকায় নাম না থাকা লোকজন ও পরিবারগুলিকে আলাদা করা যাবে না বলেও জোর দাবি জানান কংগ্রেস নেতা আনন্দ শর্মা।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, বিজেপি সরকার বিষয়টি কার্যকর করেছে অত্যন্ত ধীর গতিতে। যার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে আসামে। বহু ভারতীয় নাগরিকের নাম ওই চূড়ান্ত খসড়া তালিকায় নেই বলে শোনা যাচ্ছে। সরকারের উচিত দ্রুত পরিস্থিতির মোকাবেলা করা।











