৫২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
ডেস্ক রিপোর্ট।। জাতীয় নাগরিকত্ব পঞ্জীকরণ (এনআরসি) প্রকাশিত হওয়ার একদিন পরই আসাম থেকে ৫২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। এই ৫২জনকে বিদেশী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আসাম-মেঘালয়-বাংলাদেশের মিলিত সীমান্তঞ্চল মানকাচার সেক্টর দিয়ে রোববার তাদের বাংলাদেশে পাঠায় ভারত। ফরেইনার্স ট্রাইবুনালে নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পর তারা ‘অবৈধ’ হিসেবে অভিযুক্ত হয়। আসামের হোম ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এলএস চাংসান বলেন, জুডিশিয়াল আদালতে তারা বিদেশী হিসেবে অভিযুক্ত হয়েছেন এবং এটি প্রমাণিত হয়েছে তারা ভিসার মেয়াদকাল শেষ হওয়ার পরও অবৈধভাবে আসামে অবস্থান করছেন। ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডকে দেয়া সাক্ষাতকারে দক্ষিণ সালমারা জেলার ডেপুটি কমিশনার বলেন, ‘দুই দেশের মধ্যে ভেরিভিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদের মধ্যে কয়েকজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার অভিযোগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা আটক হয়েছেন। তাদেরকে আসামের কয়েকটি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় এবং গত ৪-৫ বছর পর্যন্ত তারা সেখানেই ছিলেন।
ভারতের নিরাপত্তাসূত্র জানায়, ঢাকা তাদের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তাকে পুরো প্রক্রিয়া পরীক্ষা করার জন্য প্রেরণ করে । এবং তাদের প্রত্যেককেই কূটনৈতিক ছাড়পত্র দেয়ার বিষয়টি যাচাই করা হয়। নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, আসামের গোয়াহাটির সহকারী বাংলাদেশি হাইকমিশন তাদের কূটনৈতিক ছাড়পত্র দেয়ার পরই তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। ডেকানহেরাল্ড।











