সর্বকালের সেরা আত্মঘাতী গোল!
ক্রীড়া ডেস্ক :ক্রিস্টোফ ক্রেমারকে মনে আছে?বিশ্বকাপ ফাইনালে জার্মানির হয়ে খেলতে নেমে যিনি মাথায় চোট পেয়েছিলেন। সেই চোট এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের জন্য এলোমেলো হয়ে গিয়েছিল ক্রেমারের পৃথিবী। রেফারিকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘এটা কী বিশ্বকাপ ফাইনাল?’ জীবনের শ্রেষ্ঠতম লড়াইয়ে মাঠে নেমে কোনো খেলোয়াড় এমন প্রশ্ন কীভাবে করেন, সেটা ভেবে অবাক হয়েছিলেন রেফারিও। ক্রেমারের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে চিন্তা করে বাস্তেইয়ন শোয়েনস্টাইগারকে ডেকে বলেছিলেন ক্রেমারকে তুলে নিতে। সেই ক্রেমার আবার খবরের শিরোনাম। এবার তিনি আলোচনায় বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ‘অনন্য’ এক আত্মঘাতী গোল করে। ক্রেমারের এই আত্মঘাতী গোল কৃতজ্ঞতায় বিগলিত করেছে ডর্টমুন্ডকে। তাঁর এই আত্মঘাতী গোলেই যে পাঁচ ম্যাচ পর বুন্দেসলিগায় জয়ের মুখ দেখেছে তারা। অনেকেই বলছেন, ক্রেমারের এই আত্মঘাতী গোল ফুটবলেরই সর্বকালের সেরা গোল কিনা!
বোদ্ধাদের মতে, ফুটবলের সর্বকালের সেরা আত্মঘাতী গোলটি লি ডিক্সনের । ১৯৯১ সালে আর্সেনাল ডিফেন্ডারের করা ওই আত্মঘাতী গোলটিই এত দিন ‘গুণে-মানে’ ছিল এই তালিকার শীর্ষে। কিন্তু শনিবার রাতে ডর্টমুন্ডের বিপক্ষে ম’গ্লাডবাখের ক্রেমারের আত্মঘাতী গোলটি ‘সৌন্দর্যে ও সৌকর্যে’ ছাড়িয়ে গেছে লি ডিক্সনকেও। প্রায় সেন্টার লাইনের কাছে বল পেয়ে ২৩ বছর বয়সী ক্রেমার যেভাবে সামনের দিকে পাস না বাড়িয়ে তা নিজেদের গোলে ঠেলে দিলেন, তা দেখে বিস্ময়ে বিমূঢ় সবাই। ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ তো ম্যাচ শেষে বারবারই ‘কৃতজ্ঞতা’ জানিয়েছেন ক্রেমারের প্রতি। নিজ ক্লাব ম’গ্লাডবাখের কর্তারা নিশ্চয়ই এই গোলের পর তাঁর ‘সুচিকিৎসা’র ব্যাপারটি সামনে নিয়ে এসেছেন। বিশ্বকাপ ফাইনালের ওই আঘাতটি আবার মাথাচাড়া দিয়ে উঠল কি না, সেটা তো এক গুরুত্বপূর্ণ বিবেচ্য।
বিশ্বকাপ ফাইনালে কীভাবে মাথায় আঘাত পেয়েছিলেন ক্রেমারের মানসপট থেকে নাকি হারিয়ে গেছে সেই স্মৃতি। বিশ্বকাপ জয়ের গৌরবগাথা মনে আছে কি না, সেটা কিন্তু আলোচনায় আসেনি কখনোই। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ওই আত্মঘাতী গোলের পর ক্রেমার আবার বলে না বসেন, ‘নিজেদের গোলপোস্টকেই আমি ডর্টমুন্ডের পোস্ট ভেবেছিলাম।
ক্রেমার যে দিন আত্মঘাতী গোলটি করলেন, সেই দিনই রিয়াল মাদ্রিদের কার্যালয়ে তাঁকে নিয়ে আলোচনা হচ্ছিল। জানুয়ারির মধ্য-মৌসুম দলবদলে তাঁকে স্যামি খেদিরার বদলি হিসেবে আনা যায় কি না, আলোচনাটা ছিল তা নিয়েই। কৌতুকপ্রদ ওই আত্মঘাতী গোলের পর সেই আলোচনার কোন দিকে মোড় নিয়েছে, সেটা অবশ্য এখনো জানা যায়নি।











