পচে গেল স্ত্রীর লাশ, ১০ দিন ধরে শুয়ে শুয়ে দেখলেন স্বামী
আন্তর্জাতিক ডেস্ক :
১০ দিন আগে স্ত্রী মারা গেছেন। মৃতদেহ পড়ে আছে ঘরের মেঝেতে, ধরেছে পঁচন। নিরব দর্শকের মতো বিছানায় শুয়ে শুয়ে দেখছে স্ত্রীর মৃতদেহ। ১০ দিন পার হলেও কিছুই করতে পারছে না স্বামী। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে।
স্বামী আনন্দ কুলকার বহুদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। তার বাকশক্তি নেই। নিজে চলাফেরাও করতে পারেন না। ফলে চোখের সামনে স্ত্রীর মৃত্যু হলেও এবং মৃতদেহ পড়ে থাকলেও কিছুই করতে পারেননি তিনি।
খবরে বলা হয়েছে, কয়েক দিন আগে কর্ণাটকের উত্তর কান্নাডা জেলার কারওয়ার শহরের বাসিন্দা গিরিজা কুলকার নামে এক নারীর মৃত্যু হয়। এতে বিপাকে পড়েন গিরিজার স্বামী আনন্দ কুলকার (৬০)।
এদিকে, স্ত্রীর মৃত্যুর প্রায় ১০ দিন পর তাদের বাড়ি আসে গিরিজার ভাই সুব্রক্ষ্মন্য মাদিভালা। গিরিজার বাড়িতে ঢুকেই অবাক হয়ে যান তিনি। তিনি দেখেন, গিরিজার দেহ মেঝেতে পড়ে রয়েছে। আর খাটে শুয়ে রয়েছে আনন্দ। এত দিন ধরে না খেতে পেয়ে অসুস্থ হয়ে গিয়েছেন আনন্দ।
পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশের উপস্থিতিতে গিরিজার দেহ উদ্ধার করে শেষকৃত্যের জন্য পাঠানো হয়। হাসপাতালে ভর্তি করা হয় আনন্দকে। কিন্তু সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।











