বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ গ্রহণের অভিযোগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা গ্রেফতার

news-image

সৌদি আরবে ১০ লাখ সৌদি রিয়াল ঘুষ হিসেবে গ্রহণের অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সর্বশেষ এই কর্মকর্তাকে গ্রেফতার করে দেশটির কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত নভেম্বরে রাজ ডিক্রির মাধ্যমে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে ধনকুবের প্রিন্স আল আলওয়ালিদ বিন তালালসহ রাজপরিবারের ১১জন প্রিন্সসহ অনেক মন্ত্রী ও প্রভাবশালী আটক হন। এরপর দুর্নীতির অভিযোগ আটক হন আরও বেশ কয়েকজন প্রভাবশালী রাজপুত্রসহ ব্যবসায়ী। এই ধারাবাহিকতায় এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাকেও আটকের দাবি করছে দেশটি।

নিজ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ বিন আব্দুলআজিজ আল মুজিব বলেন, ক্ষমতার প্রয়োগের জন্য ওই কর্মকর্তা নিজের পদের অপব্যবহার করে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। অ্যাটর্নি জেনারেলের দফতরের আওতায় নবগঠিত বিচারবিভাগ ওই কর্মকর্তাকে গ্রেফতার করেছে। গত বছর বাদশাহ সালমান দুর্নীতি তদন্ত ও বিচারের জন্য এক নির্বাহী আদেশের মাধ্যমে এই বিভাগটি চালু করেন। মিডল ইস্ট মনিটর