বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির ব্যাখ্যা, ভারত-বাংলাদেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করেছেন কার্লাইল

news-image

সমকাল রিপোর্ট: ভারত সরকার বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করেছেন বলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এমনকি তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধী দলের (বিএনপি) সম্পর্কেও সন্দেহ তৈরি করতে চাইছেন।

কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে। নয়াদিল্লি বলছে, ভিসা ত্রুটিপূর্ণ হওয়ায় কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভিসায় ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে কার্লাইল যা বলেছেন, তার সঙ্গে তার আসার উদ্দেশ্যের মিল না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এটি উল্লেখ করা হয়েছে বলে জানায় বিবিসি বাংলা। বুধবার দিল্লি বিমানবন্দরে অবতরণ করলেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ কার্লাইলকে লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রিটিশ নাগরিক লর্ড আলেক্সান্ডার কার্লাইল ১১ জুলাই নয়াদিল্লিতে পৌঁছেছেন যথাযথ ভারতীয় ভিসা ছাড়াই। তার ভিসা আবেদনে ভারতে আসার উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়েছে, কার্লাইলের সম্ভাব্য কর্মকাণ্ড তার সঙ্গে সাংঘর্ষিক। সে কারণেই তাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি।’ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘লর্ড কার্লাইল যে কারণ দেখিয়ে ভিসার আবেদন করেছিলেন আর তার সফরের প্রকৃত উদ্দেশ্য- এসবের মধ্যে কোনো সাযুজ্য নেই বলেই আমরা তার ভিসা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। ‘

ওই মুখপাত্র আরও জানান, লর্ড কার্লাইল খুব ভালো করেই জানতেন, তাকে ফিরে যেতে হবে। সে কারণেই তিনি ব্রিটিশ এয়ারওয়েজের বিমানের ‘রিটার্ন বোর্ডিং পাস’ নিয়েই এসেছিলেন।

হাউস অব লর্ডসের সদস্য কার্লাইলের বুধবার রাতে ভারতে এসে বৃহস্পতিবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

কার্লাইলের ভিন্ন ভাষ্য : বিবিসি বাংলা জানায়, ভারতে ঢুকতে না পেরে লর্ড কার্লাইল লন্ডনে ফিরে গিয়ে সেখান থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। সেখানে তিনি ভারতীয় সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এ ব্যাপারে তাদের তীব্র আপত্তির কথাও জানিয়ে দিয়েছিলেন। লর্ড কার্লাইলের ভাষ্য- ‘আমি যখন দিল্লিতে নেমে ফোন অন করলাম, ভিসা বাতিল করা হচ্ছে বলে আমাকে মেসেজ পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কাউন্টারে জানানো হলো, আমাকে ভারতে ঢুকতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, হিথরোতে তার ভারতীয় ভিসা স্বয়ংক্রিয় পদ্ধতিতে অন্তত দুবার চেক করা হয়েছিল; কিন্তু তাতে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। ভারত সরকারকে রাজি করিয়ে দিল্লিতে ঢোকার ব্যবস্থা করা যায় কি-না, সে জন্য দিল্লি বিমানবন্দর থেকে ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারকেও ফোন করেছিলেন। তিনিও এ ব্যাপারে তার অসহায়ত্ব ব্যক্ত করেন এবং পরিস্কার জানিয়ে দেন, ভারতের সিদ্ধান্ত নড়চড় হওয়ার কোনো সুযোগ নেই।’

কার্লাইল বলেন, ‘ভারতীয় গণতন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা চুরমার হয়ে গেছে। রাজনৈতিক চাপের মুখে তারা যেভাবে নতি স্বীকার করল এবং সত্তর বছর বয়সী একজন পার্লামেন্টারিয়ানের সঙ্গে যে আচরণ করল, তাতে তাদের লজ্জিত হওয়া উচিত, কৈফিয়ত দেওয়া উচিত।’ লন্ডনে খুব শিগগির সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি জানাবেন বলেও জানান তিনি।