শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে টেক্কা দিতে জঙ্গি ব্যবহার করে পাকিস্তান: পেন্টাগন

99caa5b55a9eaf65e367e31a09f6baed-pentagon_afp

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের সেনাবাহিনীকে টেক্কা দিতে পাকিস্তান জঙ্গিগোষ্ঠীকে ব্যবহার করে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে। আজ মঙ্গলবার পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়।পেন্টাগন আফগানিস্তানের বর্তমান অবস্থা নিয়ে সর্বশেষ ষান্মাসিক প্রতিবেদন কংগ্রেসে উপস্থাপনের সময় বলেছে, আফগানিস্তান ও এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে জঙ্গিরা পাকিস্তানের মাটি ব্যবহার করছে। পাকিস্তান এই জঙ্গি শক্তি ব্যবহার করে আফগানিস্তানে তাদের হারানো প্রভাব ফিরে পেতে এবং ভারতের সামরিক বাহিনীকে টেক্কা দিতে চায়।’ শতাধিক পৃষ্ঠার এ প্রতিবেদনে পেন্টাগন বলেছে, জঙ্গিদের সঙ্গে এ ধরনের সম্পর্ক আফগানিস্তান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ককে বিঘ্নিত করবে। আফগানিস্তানের হেরাতে ভারতীয় উপদূতাবাসে হামলার প্রসঙ্গ টেনে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ সামনে রেখে হামলাটি করা হয়েছিল। পেন্টাগন প্রতিবেদনে আরও বলেছে, ‘গত জুনে মার্কিন পররাষ্ট্র বিভাগ ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে। এরপর আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার ঘোষণা দেন।’ পাকিস্তান বিষয়টিকে আফগানিস্তানে তাদের প্রভাব হ্রাসের বিষয় হিসেবে দেখছে। কংগ্রেসকে পেন্টাগন আরও জানায়, আফগানিস্তানের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে ভারত। কারণ, ভারত মনে করে, নিরাপদ ও স্থিতিশীল আফগানিস্তান এ অঞ্চলের জন্য সহায়ক হবে।ভারত ও আফগানিস্তান ২০১১ সালে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। এর আওতায় সুশাসন, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, জনপ্রশাসন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে সহযোগিতা দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।