সীমিত পরিসরে আল-আকসা খুলে দিয়েছে ইসরায়েল
ডেস্ক রিপোর্ট: জুমার নামাজ উপলক্ষে শুক্রবার আল-আকসা মসজিদের গেট খুলে দিয়েছে ইসরায়েলি সেনারা। তবে ৫০ বছরের কম বয়সী নামাজীদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি শুক্রবার জানান, সহিংসতার আশঙ্কায় যুবকদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া জুমার নামাজের কারণে নতুন করে কোনো সহিংসতা যাতে না ছড়াতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, সেখানে প্রায় তিন হাজার পুলিশ অফিসার মোতায়েন রয়েছে।
এর আগে, বুধবার এক ইসরায়েলি পন্ডিতকে গুলি করার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। এমন প্রেক্ষাপটে আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েলি সেনারা। যা কয়েক দশকের মধ্যে প্রথম ঘটনা।
ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি ইসরায়েলের এ সিদ্ধান্তকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে মন্তব্য করেন। এ ছাড়া মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
অন্যদিকে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন পিসাকি আল-আকসা খুলে দিতে তেলআবিবের প্রতি আহবান জানান। একই সঙ্গে ইসরায়েলি পন্ডিতের ওপর হামলার নিন্দা জানান এ মার্কিন কর্মকর্তা।
এরপর বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদের গেট খুলে দেওয়ার ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের কারণে সীমিত পরিসরে মসজিদের গেট খুলে দেওয়া হয়।
বিবিসি/আলজাজিরা।











