মওসুমের প্রথম এল-ক্লাসিকোয় বিধ্বস্ত বার্সেলোনা
ক্রীড়া প্রতিবেদক :মওসুমের প্রথম এল-ক্লাসেকোয় দারুণ জয় পেলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে তারা সফরকারী বার্সেলোনা হারিয়েছে ৩-১ গোলে। এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই সফরকারী বার্সেলোনাকে এগিয়ে দেন নেইমার। কিন্তু পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৩৫তম মিনিটে পেনাল্টির সাহায্যে ম্যাচে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। এ সময় নিজেদের ডি বক্সের মধ্যে হ্যান্ড বল হয় বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের। রেফারি রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজালে সেটা দারুভাবে কাজে লাগান রোনালদো। পরে ৫১তম মিনিটে দুর্দান্ত হেডের সাহায্যে রিয়ালকে এগিয়ে দেন পেপে। আর ৬১তম মিনিটে হামেস রদ্রিগেসেরে পাস থেকে রিয়ালের বড় জয় নিশ্চিত করে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে রিয়াল। আর চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরেও ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।











