শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধুই মর্যাদার লড়াই নয়

f0e794c29141d656b2f6fde0711407fd-Untitled-2ক্রীড়া প্রতিবেদক :সব দলের কাছে হার মানা যায়, জিম্বাবুয়ের কাছে নয়! বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মানেই হলো মর্যাদার লড়াই। তবে এবারের সিরিজটা বোধ হয় তার চেয়েও বেশি কিছু। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের এই সিরিজ কেবলই একটা সিরিজ নয়, এর অন্য তাৎপর্যও আছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থার উন্নতি ঘটানোর দীর্ঘমেয়াদি লক্ষ্যপূরণের শুরুটাও যে এই সিরিজ দিয়েই!

‘বিগ থ্রি’র দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের তত্ত্ব পরিবর্তিত হয়ে শেষ পর্যন্ত যা হয়েছে, টেস্ট ক্রিকেটের ১০ নম্বর দল হিসেবে সেটাও বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। ২০১৭ সালের ডিসেম্বরের র‌্যাঙ্কিংয়েও যদি বাংলাদেশ ১০ নম্বরেই থেকে যায়, তাহলে তাদের টেস্ট খেলতে হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে চার ম্যাচের সেই সিরিজে হেরে গেলেও বাংলাদেশের টেস্ট মর্যাদা থাকবে। তবে সেটি হবে মর্যাদাহানিকর এক পরিস্থিতি। সঙ্গে কিছু আর্থিক ক্ষতির ব্যাপারও থাকবে।

১০ নম্বরে থেকে ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলার বিব্রতকর পরিস্থিতি এড়াতে এখন থেকেই সচেষ্ট বিসিবি। বিসিবি চাইছে ওই টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের অবস্থান যেন অন্তত নয় নম্বরে থাকে। সে জন্য বাংলাদেশ দলকে যথেষ্ট পরিমাণ টেস্ট খেলার সুযোগ দেওয়ারও চেষ্টা চালাচ্ছে বোর্ড। টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে নতুন যে এফটিপির কাজ চলছে, সেখানে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত রাখা হচ্ছে ২৬টি টেস্ট, যার অন্তত ৭৫ শতাংশ বাংলাদেশ দল খেলবে দেশের মাটিতে।

ধরে নিতে পারেন নতুন এই এফটিপির শুরুটা ২৫ অক্টোবর থেকে শুরু জিম্বাবুয়ে সিরিজ দিয়েই হচ্ছে। আগের এফটিপিতেও এই সিরিজ ছিল, কিন্তু সে অনুযায়ী বাংলাদেশ দলের জন্য এটা ছিল অ্যাওয়ে সিরিজ। পরে অ্যাওয়ে সিরিজ বাদ দিয়ে এটাকে করা হলো দুই টেস্ট আর তিন ওয়ানডের হোম সিরিজ, সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল একটা তিন জাতি সিরিজও। নতুন এফটিপিতে বাদ হয়ে গেল তিন জাতি সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা হয়ে গেল তিন টেস্ট আর পাঁচ ওয়ানডের। ২০১৭ সালের মধ্যে বাংলাদেশ দল আরও একবার জিম্বাবুয়ের সঙ্গে তিন টেস্টের সিরিজে মুখোমুখি হবে। ২০১৬ সালের ওই সিরিজটাও হবে বাংলাদেশের মাটিতে।

লক্ষ্য পূরণে অর্থ খরচেও কার্পণ্য করছে না বিসিবি। অন্য হোম সিরিজগুলো সাধারণত ৬-৭ কোটি টাকার মধ্যে হয়ে গেলেও এবারের জিম্বাবুয়ে সিরিজের বাজেট ১০ কোটি টাকার মতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আগে কোনো বিদেশি দলকে সর্বোচ্চ ৩৭ দিনের আতিথেয়তা দিয়েছে। এবার জিম্বাবুয়েকে দেওয়া হচ্ছে ৪৭ দিনের আতিথেয়তা।

বাড়তি দিনগুলোর হোটেল খরচ আর খেলোয়াড়দের দৈনিক ভাতা তো আছেই, দুই স্টেডিয়ামের জায়গায় তিন স্টেডিয়ামে খেলা হওয়া এবং টেস্ট সিরিজে ডিআরএস পদ্ধতি রাখাটাও খরচ বাড়ার একটা কারণ। অবশ্য ডিআরএসটা রাখা হচ্ছে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের জোর সুপারিশে। আর শুধু এই ডিআরএসের জন্যই খরচ হবে বাড়তি প্রায় এক লাখ ডলার। অবশ্য বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, খরচের ৩০-৪০ শতাংশ অর্থ বোর্ড বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে আয় করে নেওয়ার ব্যাপারে আশাবাদী। জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে খেলতেও এত টাকা খরচের একটাই উদ্দেশ্য, র‌্যাঙ্কিংটাকে ওপরে ওঠাতে সিরিজের সর্বোচ্চ ব্যবহার যাতে নিশ্চিত করতে পারে বাংলাদেশ দল।

বিপুল অর্থ ব্যয়ের কারণে এই সিরিজে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিও মেনে নিতে প্রস্তুত বিসিবি। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজগুলোতে মাঝে মাঝে লাভের মুখ দেখা গেলেও অন্যান্য দেশের বিপক্ষে হোম সিরিজে সাধারণত ক্ষতিই হয়ে থাকে। সেসবের তুলনায় এবার ক্ষতিটা হয়ে যেতে পারে দ্বিগুণ। তবে বৃহত্তর স্বার্থের কথা ভেবেই আর্থিক ক্ষতিকে বিবেচনায় আনছে না বিসিবি। ‘আইসিসির নতুন ফর্মুলায় যাতে আমাদের কোনো অনিশ্চিত অবস্থায় পড়তে না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি’—বলেছেন বিসিবির প্রধান নির্বাহী। সঙ্গে খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছেন, ‘বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে পারফরম্যান্সের কোনো বিকল্প নেই। বোর্ড যত চেষ্টাই করুক না কেন, সেটাকে সার্থক করে নিজেদের অবস্থান দৃঢ় করতে মাঠে খেলোয়াড়দের ভালো খেলতে হবে।’

বলটা এখন ক্রিকেটারদের কোর্টে।