শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধোনি নয়, সেরা টেস্ট অধিনায়ক গাঙ্গুলী : মার্ক ওয়াহ

77595_Mark-Waugh_1803372ক্রীড়া প্রতিবেদক :প্রতিপক্ষ হিসেবে ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলীর বিপক্ষে খেললেও, বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে খেলা হয়নি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা দলের ওপেনার মার্ক ওয়াহ’র। তারপরও ক্রিকেট নিয়ে অতীত-বর্তমান মিলিয়ে জ্ঞান-বুদ্ধি যাই বলা হোক না কেন, তা বেশ ভালোই আছে মার্ক’র। আর সেই জ্ঞান-বুদ্ধি দিয়ে ভারতীয় ক্রিকেটের অতীত ও বর্তমান অধিনায়কত্ব নিয়ে নিজের অভিমত জানিয়েছেন মার্ক। তার মতে, ‘ধোনি নয়, ভারতের সেরা টেস্ট অধিনায়ক গাঙ্গুলী। সেই সাথে আমার জীবনের সেরা অধিনায়কও গাঙ্গুলী। তবে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টির ভালো অধিনায়ক ধোনি।’

২০০২ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন মার্ক। এরপর বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকেন, সঙ্গ দেন পরিবারকে। তবে গেল বছর অস্ট্রেলিয়া ক্রিকেটের সাথে আবারো সন্ধি করেছেন মার্ক। বর্তমানে অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচক প্যানেলের সদস্য।
তাই বর্তমানে ক্রিকেটের খোঁজটা বেশ ভালোভাবেই রাখছেন মার্ক। আসলে ‘রাখতে’ হচ্ছে তাকে। এরমধ্যে ভারতীয় দল নিয়ে ইদানিং বেশি-ই পর্যালোচনা করছেন মার্ক। কারণ আগামী নভেম্বরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। সফরে অসিদের বিপক্ষে চারটি টেস্ট ছাড়াও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত।

পুরো সফরেই ভারতের অধিনায়কত্ব করবেন ধোনি, এটা একরকম নিশ্চিত। তবে টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে ধোনিকে মোটেও পছন্দ নয় মার্কের। কোলকাতায় এক অনুষ্ঠানে এসে অকপটে বলে বসলেন মার্ক, ‘ধোনি নয়, ভারতের সেরা টেস্ট অধিনায়ক গাঙ্গুলী। তার (গাঙ্গুলী) মধ্যে আক্রমণাত্মক ভাব ছিল। তার অধীনে আগুনে মেজাজে পরিণত হয়েছিলো ভারতীয় দল। তাই গাঙ্গুলীর দলের বিপক্ষে খেলতে সত্যি-সত্যিই ভয় পেতাম আমরা। অনেকটা অস্ট্রেলিয়ানদের মতো বিধংসী ছিলো গাঙ্গুলী। বর্তমান ভারতীয় টেস্ট দলে সেই বিধ্বংসী ভাবটা নেই। গাঙ্গুলীর দলে যেমনটা ছিলো। তাই আমার জীবনের সেরা অধিনায়কও গাঙ্গুলী। তবে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টির ভালো অধিনায়ক ধোনি।’

অনুষ্ঠানে মার্ক ওয়াহ’র উপস্থিতি জানতে পেরে, আগে ভাগেই বার্তা বাহকের মাধ্যমে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্নও পাঠিয়েছিলেন গাঙ্গুলী। প্রশ্নটি ছিলো এমন, ‘কিভাবে অস্ট্রেলিয়া বিপক্ষে আসন্ন সিরিজ জিততে পারবে ধোনির ভারত?’ উত্তরটা দিতে মোটেও সময় নষ্ট করেননি মার্ক। সরাসরি সৌরভকে উদ্দেশ্য করে মার্ক বলেন, ‘সৌরভ, কোনো কৌশল-পরিকল্পনাতেই কিছু হবে না। টেস্টে ৪-০ অথবা ৩-১ ব্যবধানে সিরিজ হারবে ভারত। আগের সফরের কথা মাথায় রেখেই আমরা আমাদের পরিকল্পনা সাঁজাব। আমাদের গতির সামনে এবারও পারবে না ভারত। আর স্বাভাবিকভাবে এবারও স্পিনিং উইকেট পাওয়ার সম্ভাবনা নেই।’

গতি প্রসঙ্গ যখন আসল, তখন চলে আসলো টেন্ডুলকার প্রসঙ্গও। আর প্রসঙ্গটা নিজেই তুললেন মার্ক, ‘অস্ট্রেলিয়ানদের গতির কাছে সবসময়ই নড়বড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। তবে টেন্ডুলকার দেখিয়ে দিয়েছিলেন কিভাবে বুক উচিয়ে সেরা গতিকে সামলাতে হয়। অস্ট্রেলিয়ায় এসে সেরা ফর্মের দলের বিপক্ষে অ্যাটাকিং ক্রিকেট খেলে গেছেন টেন্ডুলকার। এটা কাউকে করতে দেখেনি আমি। তাই সবকিছুর বিবেচনায় আমার কাছে টেন্ডুলকারই সেরা। অনেকেই প্রশ্ন তুলেন, কে সেরা- লারা, পন্টিং নাকি টেন্ডুলকার। আমি বলবো, লারা এবং পন্টিং যতই ভালো হন কেউ টেন্ডুলকার নন।’

টেন্ডুলকারকে নিয়ে মার্কের প্রশংসায় ডুব দিয়েছিলেন অনুষ্ঠানের অতিথিরাও। প্রশংসার আবহাওয়া পরিবর্তনের জন্য অনুষ্ঠানের এক দর্শক মার্কের কাছে আগামী বিশ্বকাপ ভারতের সম্ভাবনা নিয়ে জানতে চান। এমন প্রশ্নের উত্তরটা ভারতের পক্ষেই দিলেন মার্ক, ‘ওয়ানডেতে ভালো দল ভারত। তাই আগামী বিশ্বকাপে ভালো করবে তারা। ওই বিশ্বকাপের সেমিফাইনালে উঠার প্রবল সম্ভবনা রয়েছে ভারতের। সেমিফাইনাল নিয়ে আমার বাজির চার দল হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা ও ভারত।’

বর্তমানে প্রায় প্রতিদিনই ক্রিকেটের গরম খবরের স্বাদ পাচ্ছে- ‘সন্দেহজনক বোলিং অ্যাকশন’। এই ব্যাপারটি সর্ম্পকে ভালোই খোঁজ-খবর রাখছেন মার্ক। আইসিসির এমন অভিযানে পূর্ণ সমর্থনও দিয়েছেন তিনি। এ ব্যাপারে নিজের অভিমতটা রসিকতার সাথেই দিলেন মার্ক, ‘বোলাদের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি যা করছে, ঠিক-ই করছে। তবে আমার আমলে আইসিসি এমন অভিযান চালালে, হয়তো আরো হাজারখানেক রান বেড়ে যেত আমার…হা-হা-হা।’

মার্ক ওয়াহ’র কথা উঠলেই ক্রিকেট ভক্তদের মনে পড়ে যায় স্টিভ ওয়াহ’র কথা। দু’জন জমজ ভাই এটি সবারই জানা। মাত্র চার মিনিটের ব্যবধানে বয়সে ছোট মার্ক। সিডনি’তেই থাকেন দু’ভাই। তবে বড় কোন অনুষ্ঠান বা বড় দিন ছাড়া দেখাই হয় না তাদের। তবে অধিকাংশ সময়ই স্টিভের কথা মনে করতে হয় মার্ককে। একই অবস্থা মার্কের বেলাতেও। কিন্তু কিভাবে? এই উত্তরটা বেশ হাসিমুখেই দিলেন মার্ক, ‘জমজ হওয়াতেই স্টিভকে বেশি স্মরণ করতে হয় আমার। কারণ স্টিভের দাঁত ব্যথা হলে আমারও দাঁত ব্যাথা হয়। এমনকি আমার জ্বর হলে, স্টিভেরও জ্বর হয়।’

অস্ট্রেলিয়ার হয়ে ১২৮টি টেস্ট, ২৪৪টি ওয়ানডে খেলেছেন মার্ক। প্রায় ১৪ বছরের ক্রিকেটে ক্যারিয়ারে ২০টি টেস্ট সেঞ্চুরিতে ৮,০২৯ রান ও ১৮টি ওয়ানডে সেঞ্চুরিতে ৮৫০০ রান করেছেন তিনি। বল হাতেও বেশ পারদর্শী ছিলেন মার্ক। অফ-স্পিন করে টেস্ট ৫৯ ও ওয়ানডেতে ৮৫ উইকেট শিকার করেন ৪৯ বছর বয়সী মার্ক ওয়াহ।