গোলানাল্ডোর চার গোল!
কী নামে বল ডাকি তোমায়- ক্রিশ্চিয়ানো গোলানাল্ডো নাকি রেকর্ডানাল্ডো? কোনোটাই ভুল হবে না। রোনাল্ডো মানেই যে রাশি রাশি গোল, মুঠো মুঠো রেকর্ড। বয়সের সঙ্গে তার গোল ক্ষুধাও যেন পাল্লা দিয়ে বাড়ছে। রোনাল্ডোর এক অমার্জনীয় ভুলেই পরশু রিয়ালের বিপক্ষে এগিয়ে গিয়েছিল এলচে। কিন্তু সেই ভুল যে তাকে এভাবে তাতিয়ে দেবে, তা হয়তো ভাবতে পারেননি এলচের খেলোয়াড়রা। সিআর সেভেন তার হঠাৎ ভুলের দায়টা দারুণভাবেই মিটিয়ে নিলেন টানা দ্বিতীয় হ্যাটট্রিকে। একে একে চার গোল করে একাই গুঁড়িয়ে দিলেন এলচেকে। মঙ্গলবার স্প্যানিশ লীগে রোনাল্ডোর চার গোলের সঙ্গে গ্যারেথ বেলের আরও একটি গোলে ৫-১ ব্যবধানের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচে রিয়াল জিতেছিল ৮-২ গোলে। তার আগে চ্যাম্পিয়ন্স লীগে এফসি বাসেলের বিপক্ষে ৫-১ গোলের জয়। লা-লীগায় জোড়া হারের গ্লানিই যেন তাতিয়ে দিয়েছে গ্যালাটিকোসদের। ডার্বি হারের পর থেকেই রিয়াল যেন ক্ষুধার্ত বাঘ! মাত্র সাত দিনের ব্যবধানে তিন ম্যাচে ১৮ গোল করেছে স্প্যানিশ দৈত্যরা। যার আটটিই দলের গোলমেশিন রোনাল্ডোর। দুটি হ্যাটট্রিকসহ চার ম্যাচে নয় গোল করে এ মুহূর্তে স্প্যানিশ লীগের সর্বোচ্চ গোলদাতা তিনিই। সব মিলিয়ে এ মৌসুমে আট ম্যাচে ১২ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। পাঁচ ম্যাচে তৃতীয় জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে রিয়াল। রিয়ালের জার্সি গায়ে এটি রোনাল্ডোর ২৫তম হ্যাটট্রিক। বিখ্যাত সাদা জার্সিতে হ্যাটট্রিক সংখ্যায় তার সামনে আছেন শুধু কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো (২৮)। লা-লীগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটাও তার নিঃশ্বাস দূরত্বে চলে এসেছে। লীগে রোনাল্ডোর হ্যাটট্রিক ২১টি। ২২টি করে হ্যাটট্রিক আছে ডি স্টেফানো ও অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেলমো জারার। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ৩২৩ গোল করেছেন রাউল গনজালেস। মাত্র ২৫৪ ম্যাচে ২৬৪ গোল নিয়ে এই তালিকায় চারে আছেন রোনাল্ডো। রাউলের রেকর্ড ভাঙতে আরও ৬০ গোল প্রয়োজন। তবে ম্যাচপ্রতি যে হারে গোল করছেন রোনাল্ডো তাতে এ মৌসুমেই রেকর্ডটি ভেঙে যেতে পারে! সব মিলিয়ে এ মৌসুমে অন্তত আরও ৫৬টি ম্যাচ বাকি আছে রিয়ালের।
যাকে নিয়ে এত মাতামাতি পরশু ম্যাচের ১৫ মিনিটে সেই রোনাল্ডোই স্তব্ধ করে দিয়েছিলেন বার্নাব্যু। তার ভুলে পাওয়া পেনাল্টি থেকে এগিয়ে যায় এলচে। তবে পাঁচ মিনিট বাদেই জেমস রদ্রিগেজের ক্রস থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান বেল। এরপর শুধুই রোনাল্ডো শো। ২৮ মিনিটে পেনাল্টি থেকেই দলকে ২-১ গোলে এগিয়ে নেন রোনাল্ডো। চার মিনিট পর মার্সেলোর ক্রস থেকে হেডে করেন আরেকটি গোল। ৮০ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকেই পূর্ণ করেন হ্যাটট্রিক। ইনজুরি টাইমে বেলের পাস থেকে এলচের কফিনে শেষ পেরেকটিও ঠোকেন রোনাল্ডো। ম্যাচ শেষে চার গোলের সব কৃতিত্বই সতীর্থদের দিলেন রোনাল্ডো, ‘আগেও তিন-চারবার ম্যাচে চার গোল করেছি। কাজটা খুবই কঠিন। সতীর্থরা যদি ঠিকমতো পাসগুলো না বাড়াত, তাহলে এই কৃতিত্বের ভাগিদার হতে পারতাম না আমি। আমার চার গোলের সব কৃতিত্বই তাদের। আমার ভুলটি শেষ পর্যন্ত বড় কোনো বিপদের কারণ হয়নি বলে স্বস্তি লাগছে। চমৎকার একটি ম্যাচ খেলেছি আমরা।’ রোনাল্ডোর এমন বিধ্বংসী ফর্মের রহস্য কী? ইনজুরির দরুন মাঝে তিন সপ্তাহের বিশ্রাম পেয়েছিলেন সিআর সেভেন। কোচ কার্লো আন্সেলোত্তির দাবি, সেই বিশ্রামের জন্যই রোনাল্ডো এখন ক্যারিয়ারসেরা ফর্মে রয়েছেন। এ ম্যাচেই রিয়ালের জার্সিতে অভিষেক হয়েছে কোস্টারিকান গোলকিপার কেলর নাভাসের। এএফপি/ওয়েবসাইট।











