ছাত্র পেটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
পড়া না পারায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক মাদ্রাসাশিক্ষক রাকিব মিয়া (১০) নামের এক ছাত্রকে পিটিয়ে আহত করেন। ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পরে রাকিবের পরিবারের লোকজন ওই শিক্ষককে মারধর করেন। একপর্যায়ে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। গত মঙ্গলবার উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন সকালে পড়া না পারায় শিমরাইল গ্রামের দলানের পাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র রাকিবকে পিটিয়ে আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক বিল্লাল হোসেন। এরপর রাকিব মিয়ার পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে মারধর করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ওই দিন রাতে মেহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফিরোজ মিয়ার আহ্বানে সালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে রাত ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সাড়ে তিন ঘণ্টা ওই সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। তাঁদের মধ্যে ১৯ জনকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনজনকে ওই হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাকিব মিয়া জানায়, পড়া না পারায় হুজুর তাকে বেদম মারধর করেন। একপর্যায়ে সে দৌড়ে বাইরে চলে যায়। পরে অন্য ছাত্রদের দিয়ে তাকে ধরে এনে শিক্ষক আবার পেটায়।
শিক্ষক বিল্লাল হোসেন বলেন, মাস খানেক ধরে ওই ছাত্র মাদ্রাসায় ঠিকমতো আসে না। পড়া না পারায় তাকে কয়েকটি বেত্রাঘাত করা হয়েছে। এর জন্য ছাত্রটির পরিবারের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। তার পরও ওই ছাত্রের পরিবারের লোকজন তাকে মারধর করেছে।
গতকাল কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মাদ্রাসার ছাত্র পেটানো নিয়ে বিবদমান দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।










