মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমেদ এর ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামের এবং পৌরসভার মুন্সেফ পাড়া নিবাসী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন আহমেদ গত ০২সেপ্টেম্বর, ২০১৭ খ্রি. দিবাগত রাত ১:৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ভারতের নয়া দিল্লীস্থ একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ——— রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ০৭/০৯/২০১৭খ্রি রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ঘটিকায় শহরে টেংকের পাড়স্থ মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার সহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ, বিশিষ্টজন, বীর মুক্তিযোদ্ধাসহ বিপুল সংখ্যক মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
বাদ জোহর সুলতানপুর হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় বার মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক ডেপুটি জেলা কমান্ডার গাজী মো. রতন মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ সাবেক উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ এবং হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মরহুমের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পার্ঘ অর্পণ শেষে এ এস আই মো. আকতার হোসেন এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকষ ও সু-সজ্জিত দল সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান। মরদেহ তখন জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল। বিউগলে তখন করুণ সূর বাজছিল।
সে সময় জেলা কমান্ডের সাবেক সহকারী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আহমেদ, সদর উপজেলা সাবেক সহকারী উপজেলা কমান্ডার মো. আলফাজ মিয়া, সুলতানপুর ইউনিয়ন কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার অব. মো. ইদ্রিস, শেখ দানু, মো. আব্দুল মতিন (দারু মাষ্টার), মো. আব্দুল মজিদ, বিশিষ্ট আইনজীবি সারোয়ার-ই-আলম, বিশিষ্ট আইনজীবি মো. ইসহাক মিয়া, চিনাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, এস আই মো. আনিসুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলীসহ বিপুল সংখ্যক জনগণ উপিস্থত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।











