মাদক অপরাধ দমনে ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের শ্রেষ্ঠত্ব অর্জন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মাদক সংক্রান্ত অপরাধ দমনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল। গত বুধবার মাদকদ্রব্যের অপব্যাহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের হাতে শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অ্যাড. আবদুল বাছেত মজুমদার ও ড. অরূপ রতন চৌধুরী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল সূত্রে জানা যায়, গত ২০১৬ সালে ৯৩৭টি অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের অভিযানিক দল। এসব অভিযানে ২২৪ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২১৯টি মামলা দায়ের করা হয়। এছড়া অভিযানগুলোতে ২ হাজার ২৮০ বেতল ভারতীয় ফেনসিডিল/ইস্কফ, ৪০৭.৩৬ কেজি গাঁজা, ১২ হাজার ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ২১০ পুড়িয়া হেরোইন, ২১৭ বোতল বিদেশী মদ, ১৩৬ বোতল/ক্যান বিয়ার, ১৩৪.৫০০ লিটার চোলাই মদ, ৭ হাজার ৫০০ লিটার ওয়াশ, ৩০০ লিটার ডিনেচার্ড স্পিরিট, ৩টি ট্রাক/পিকআপ ভ্যান, ২টি প্রাইভেটকার, ৯টি সিএনজি চালিত অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা ও ১টি বাইসাইকেল জব্দ করা হয়। অপরদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬৫৮টি অভিযান পরিচালনা করে ১৩৮ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১২৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানগুলোতেও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সীমান্তবর্তী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকের প্রবণতা একটু বেশি। তবে আমরা মাদক নিয়ন্ত্রণে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনসাধারণকে সম্পৃক্ত করে আমাদের মাদক বিরোধী এ কর্মকান্ড অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এর আগেও তার পূর্বের কর্মস্থল গাজীপুরে থাকাকালীন সময়ে ২০১৩ সালে শ্রেষ্ঠ ইন্সপেক্টর ও শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার অর্জন করেন।











