আখাউড়ায় দুই কিশোরী দেড় মাস ধরে নিখোঁজ
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই কিশোরী দেড় মাস যাবত নিখোঁজ রয়েছে। গত ১৩ মে দুজন বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজ দুই কিশোরী হলো উপজেলার ধরখার গ্রামের ফরিদ মিয়ার কন্যা রুখসানা আক্তার বৃষ্টি (১৭) এবং একই গ্রামের আব্দুল আহাদ মিয়ার কন্যা আসমা আক্তার (১৭)। এরা দুজন বান্ধবী। এর দুজনেই এবছর এসএসসি পাশ করেছে। এর মধ্যে বৃষ্টি জিপিএ-৩.৪১ এবং আসমা ৩.২৩ পেয়ে উত্তীর্ণ হয়। গত ২ জুলাই বৃষ্টির বাবা ফরিদ মিয়া এ ব্যাপারে আখাউড়া থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।
নিখোঁজ রুখসানা আক্তার বৃষ্টির বড় বোন সালমা আক্তার জানান, কলেজে ভর্তি হওয়ার কথা বলে বৃষ্টি ও আসমা রেজিষ্ট্রেশন কার্ড ও রেজাল্ট শীট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ৪/৫ দিন আগে আমার স্বামীর মোবাইলে একটি কল আসে। কল ধরতেই বৃষ্টির গলা শোনা যায়। বৃষ্টি বলে, আমি বিপদে আছি, আমাকে বাঁচাও। এরপর লাইনটি কেটে যায়। পরে ওই মোবাইল নম্বরে কয়েক বার কল দিলেও কেউ রিসিভ করেনি।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নিখোঁজ আসমার বড় ভাই জসিম উদ্দিন বলেন, এসএসসি পাশের আসমাকে পড়ালেখা করতে নিষেধ করা হয়েছিল। সম্ভবত এ কারণে রাগ করে বাড়ি থেকে চলে গেছে।
এ ব্যপারে জানতে চাইলে বৃষ্টির স্কুলের প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান বলেন, বৃষ্টি ও আসমার আচার-আচরণ ভালো ছিল। এরা দুজনেই ভালো ফলাফল করেছে।
ধরখার ইউনিয়ন পরিষদের সদস্য, ধরখার গ্রামের বাসিন্দা মো: হাবিবুর রহমান জানান, বৃষ্টি ও আসমা নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এদের চলাফেরায় খারাপ কোন কিছু চোখে পড়েনি বলে তিনি জানান। তবে কেন তারা বাড়ি থেকে বের হয়ে গেছে এ ব্যাপারে তিনি কোন কিছু বলতে পারেননি।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন তরফদার বলেন, বৃষ্টি ও আসমা নামে দুই মেয়ে নিখোঁজ থাকার বিষয়ে বৃষ্টির বাবা ফরিদ মিয়া থানায় একটি সাধারণ ডাইরী করেছে। বিষয়টি অনুসন্ধান করে দেখছি।











