গাজায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে
ডেস্ক রিপোর্ট : গাজায় অব্যাহত স্থল অভিযানে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ৮ জুলাই থেকে চালানো বিমান হামলায় দুই শতাধিক মানুষ নিহত হন। বিমান ও স্থল হামলায় মোট নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এদিকে, গাজা উপত্যকায় বিবদমান হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করতে শনিবার গাজায় আসবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘের রাজনীতিবিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ বন্ধে গাজা সফর করবেন মুন।’ অন্যদিকে, গাজায় ইসরায়েলি অভিযানে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপকালে ওবামা এ উদ্বেগের কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন, তবে সাধারণ ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন। প্রেসিডেন্ট ওবামা বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের পরিমাণ যাতে কম হয়, এ বিষয়টি মাথায় রেখে অভিযান চালাতে ইসরায়েলকে পরামর্শ দেন। মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির যে প্রস্তাব দেওয়া হয়, তা গত বৃহস্পতিবার ভেস্তে যায়। এরপর স্থল অভিযান শুরু করে ইসরায়েল।











