বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাথা ন্যাড়া করে ২ কিশোরের গ্রাম্য সালিশিতে শাস্তি প্রদান

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মনিয়ন্দ গ্রামে এ ঘটনা ঘটে। পাশের গ্রামের কিশোরর সঙ্গে মারামারির অভিযোগে দরিদ্র পরিবারের দুই কিশোরকে মাথা ন্যাড়া ও জুতা পেটা করেছেন দুই ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়া তাদের ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায়ের জন্য মোবাইল ফোনসেট নিয়ে গেছেন এক চেয়ারম্যান।
ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নে গত শনিবার এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার কিশোররা হলেন মনিয়ন্দের হরিপুর গ্রামের আবদুল বারেক মিয়ার ছেলে পারভেজ মিয়া (১৬) ও পাতাইরাটেক গ্রামের আবুল কাশেমের ছেলে হারুন মিয়া (১৬)। স্থানীয় একাধিক সূত্র জানায়, মনিয়ন্দের সীমান্তবর্তী রাজমঙ্গলপুর গ্রামের পল্লী চিকিৎসক শাহ আলম মিয়ার বাড়িতে ছয় মাস আগে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এতে পারভেজ ও এবং পাতাইরাটেক গ্রামের হারুনসহ কয়েক কিশোর-তরুণ যোগ দেয়। অনুষ্ঠানে নাচ করা নিয়ে ওই বাড়ির ছেলে আরিফ হোসেনের (১৬) সঙ্গে তাদের ঝগড়া ও মারামারি হয়। ওই ঘটনায় হারুন আহত হয়। ছয় মাস পর গত ২০ এপ্রিল সকালে আরিফ প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে একা পেয়ে মারধর করে হারুন। এসব ঘটনা নিয়ে শনিবার সকালে পার্শ্ববর্তী গোপিনাথপুর ইউনিয়নের নতুন বাজারে সালিশ বসে। এতে মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল ভূঁইয়া ও গোপিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীরের নেতৃত্বে অন্য জনপ্রতিনিধি ও সমাজপতিসহ শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সালিশে পারভেজ ও হারুনের বিরুদ্ধে মারামারির অভিযোগসহ এলাকায় বখাটেপনার অভিযোগ আনা হয়।
এক পর্যায়ে জুরিবোর্ড গঠন করা হয়। এর বিচারকরা হন দুই ইউপি চেয়ারম্যান কামাল ভূঁইয়া ও মান্নান জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম বাবুল মৃধা, জাকির মেম্বার, ফিরোজ মেম্বার, শাহ আলম মেম্বার, এরশাদ মেম্বার, আবু নাসার, শিশু মিয়া প্রমুখ।
জুরিবোর্ডের সিদ্ধান্তে সালিশে কামাল ভূঁইয়া ও মান্নান জাহাঙ্গীরের নেতৃত্বে দুই কিশোরকে মারধরসহ জুতাপেটা করা হয়।
এ সময় সন্তানদের রক্ষায় ছুটে আসে দুই কিশোরের বাবা কাশেম মিয়া ও আবদুল বারেক মিয়া। তাদেরও সালিশে লাঞ্ছিত করা হয়। এরপর দুই চেয়ারম্যানের নির্দেশে আহত অবস্থায় পারভেজ ও হারুনকে মাথা ন্যাড়া করে দেয়া হয়। পরে পরিবার দুটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা অনাদায়ে ফোনসেট জব্দ এবং তাদেরকে একঘরে রাখার ঘোষণা দেয় হয়। মঙ্গলবার কাশেম মিয়া ও আবদুল বারেক মিয়ার সঙ্গে কথা হয়। তারা বলেন, সালিশে শত শত লোকের সামনে আমার সন্তানকে জুতাপেটাসহ মারধর করেছে চেয়ারম্যান কামাল ও মান্নান জাহাঙ্গীর। তারা আরও বলেন, আমাদের আর্তচিৎকারে মন গলেনি সালিশকারীদের। তাদের পায়ে ধরেও জরিমানার টাকা ৫০ হাজার থেকে কমানো যায়নি। সালিশের পর রাতে লজ্জায়-কষ্টে পারভেজ ও হারুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযোগ রয়েছে। এদিকে অভিযুক্ত চেয়ারম্যান কামাল ভূঁইয়া দাবি করেছেন, তিনি ওই সালিশে উপস্থিত ছিলেন না।
গোপিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীর বলেন, মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান সালিশে উপস্হিত ছিলেন। এটা আমাদের বিরুদ্ধে একটা ষড়ষন্ত্র। আমরা সালিশেতে তাদের মাথা ন্যাড়া করিনাই।  সুষ্ঠু তদন্তের মার্ধ্যমে এর আসল ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক। কসবা  থানার (ওসি) মো: মহিউদ্দিন বলেন, বিষয়টি জানার পর আজ আমি নিজে গিয়েছিলাম । তদন্ত করে কেউ দোষী হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর