সরাইলের প্রধান সড়কে অটোরিকশা স্ট্যান্ড !
মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে কোনো ধরনের নিয়মকানুন বা আইনই মানছেন না সিএনজিচালিত অটোরিকশার চালকরা। যত্রতত্র পার্কিং, বেপরোয়া গতি, শিশুচালক ও প্রধান সড়কের উপর স্ট্যান্ড। এসবই এখন নিয়ম। ফলে পথচারী মহিলা-পুরুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাফেরা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্বিষহ হয়ে পড়েছে। মাঝে মধ্যে ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলা প্রশাসন প্রধান সড়ক থেকে স্ট্যান্ড সরানোর জন্য গত ৬ বছর ধরে আইনশৃঙ্খলা সভায় শুধু আলোচনাই করে যাচ্ছেন। আর নিয়মিত লিখে যাচ্ছেন টাইট রেজুলেশন। বাস্তবায়ন শূন্য। জনপ্রতিনিধিদের চিন্তা ভোটের। আর পুলিশ প্রশাসন রাতে ফ্রি অটোরিকশা না-ও পেতে পারেন। তাই ২টি স্ট্যান্ড রেখেও সাধারণ মানুষের কষ্ট ফাইলবন্দি করে রেখেছেন অর্ধযুগ ধরে। লজ্জায় শুধু প্রশাসনের ব্যর্থতার ঘোষণা এখন বাকি। সরজমিন ঘুরে উপজেলা পরিষদ ও ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান সড়কগুলো যানজটমুক্ত করার লক্ষ্যে ৭ বছর আগে সরাইলে সিএনজিচালিত অটোরিকশার জন্য সরাইল-অরুয়াইল সড়কের পাশে সকালের বাজার বিএডিসি’র মাঠে ও সরাইল-নাসিরনগর সড়কের পাশে হাসপাতাল সংলগ্ন স্থানে উপজেলা পরিষদের প্রায় ৩০ লক্ষাধিক টাকা খরচ করে দুটি স্ট্যান্ড নির্মাণ করা হয়। অটোরিকশা চালক ও নেতারা অন্নদা স্কুল মোড়ের জায়গা ছাড়তে নারাজ। আর বিএডিসি’র মাঠ শুধু নামেই স্ট্যান্ড। বাস্তবে রাতে ভাড়ায় গাড়ি রাখার জায়গা। তারা সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ বাজার, সরাইলের প্রধান সড়কের হাসপাতাল মোড়, ব্যস্ততম জায়গা অন্নদা স্কুল মোড় ও বিকাল বাজার বকুল তলা থেকে শুরু করে সকাল বাজারের কাঁচা বাজার পর্যন্ত দীর্ঘ এ সড়কের উপরই স্ট্যান্ড বানিয়ে ফেলেছে। ভোর থেকে রাত ১০টা পর্যন্ত ১১ ফুট প্রস্থের এ সড়ক তাদের দখলে থাকে। ফলে যখন তখন লেগে যায় তীব্র যানজট। আর কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডজনখানেক কিন্ডারগার্টেন ও মাদরাসার শিক্ষার্থীদের যাতায়াতে খুবই সমস্যা হয়। সবচেয়ে বেশি বিব্রত ও প্রতিবন্ধকতা পোহায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক মেয়ে। আর অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন অফিস পাড়ায় ও বাজারে যাতায়াতকারী পথচারী মহিলা-পুরুষরা। অনেক সময় খোদ নির্বাহী কর্মকর্তার গাড়িও আটকা পড়ে। মসজিদের মুসল্লিদের খুবই সতর্কে প্রবেশ ও বের হতে হয়। তারপরও বছর তিনেক আগে বড় দেওয়ানপাড়ার বাসিন্দা মসজিদের মুসল্লি সাইফুল ইসলাম (৬৫) আসর নামাজ শেষে সড়কে আসামাত্র বেপরোয়া গতির একটি অটোরিকশা তার একটি পা ভেঙে দেয়। দীর্ঘ এক বছর কষ্টের পর আজও সেই পঙ্গুত্বের ঘানি টানছেন তিনি। জানাজা শেষে লাশ নিয়ে এ সড়ক পাড়ি দিতে হিমশিম খেতে হয়। সড়কের উপর অটোরিকশাগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় পাশের বিপণি বিতানগুলোর ব্যবসায় ধস নেমে আসছে। ২০১১ সালের শেষের দিক থেকে উপজেলা আইনশৃঙ্খলা সভায় সম্মানিত সদস্যরা সড়কের উপর থেকে স্ট্যান্ড সরিয়ে নির্ধারিত জায়গায় নেয়ার অনুরোধ জানিয়ে আসছেন। গত ৬ বছরে এমন ৭২-৭৩টি সভায় সড়কে স্ট্যান্ডের ভয়াবহ সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে অর্ধ শতাধিক কমিটিও হয়েছে। সদস্যদের বক্তব্য নোট করে করা হয়েছে বড় বড় রেজুলেশন। তখনকার নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জরা জনগণের চলাচলের রাস্তা দ্রুত স্ট্যান্ডমুক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে জেলা প্রশাসকের সহায়তা নেয়ার বিষয়ও আলোচনা করেছেন। কিন্তু বাস্তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও কিছুই হয়নি। এক সময় সদস্যরা এ বিষয়ের আলোচনা বন্ধ করে প্রশাসন ব্যর্থ হয়েছে এমন রেজুলেশন করার অনুরোধ করেন। এখন আরো বিস্তৃত হচ্ছে সড়কের উপরের স্ট্যান্ড। বেপরোয়া গতি ও যত্রতত্র পার্কিং তাদের কাছে মামুলি বিষয়। আর সরাইল-অরুয়াইল সড়কের ৮০ ভাগ চালকই শিশু। মাঝে মধ্যে রাতের বেলা এক শিশু আরেক শিশুকে প্রশিক্ষণও দিয়ে যাচ্ছেন নিয়মিত। অনুসন্ধানে জানা গেছে, সড়ককে স্ট্যান্ডমুক্ত করতে গেলে ভোট কমে যাওয়ার আশঙ্কায় জনপ্রতিনিধিরা সভায় সরব। কিন্তু বাইরে নীরব। আর পুলিশকে রাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে স্ট্যান্ড থেকে প্রত্যেক রাতে ৪-৫টি অটোরিকশা দেয়া হয় ফ্রি। তাই প্রাথমিক অ্যাকশনটা আর হচ্ছে না। অন্নদা স্কুল মোড় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, সড়কের বকুল গাছের তলায় সম্পূর্ণ অবৈধভাবে সিএনজিগুলো দাঁড়িয়ে থাকে। আগামী ২/১ দিনের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেব। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান বলেন, সড়কের উপর স্ট্যান্ডের জন্য আমার ছাত্রীদের খুবই অসুবিধা হয়। এছাড়া অনেক চালক অশোভন অঙ্গভঙ্গি করে যা সত্যিই বিব্রতকর। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত বলেন, সড়কে স্ট্যান্ড শুধু সমস্যা নয়। ছোট ও সুন্দর এ উপজেলার সৌন্দর্যকে নষ্ট করছে। আমি সত্বর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।











