দেশ এখন উন্নয়নের মহাসড়কের উঠে দূর্বার গতি এগিয়ে যাচ্ছে : মৎস্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলেছেন,দেশ এখন উন্নয়নের মহাসড়কে উঠে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কিছু হলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেখ হাসিনা সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। শেখ হাসিনার ভারত সফরের পর খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনা ভারতের কাছে সবকিছু বিক্রি করে দিয়েছেন। কিন্তু কি বিক্রি করে দিয়েছেন সেটা তিনি বলতে পারেননি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন দেশের মানুষকে সবুজ বাংলা দিয়েছেন, তেমনি শেখ হাসিনা ভারত-মিয়ানমারের সঙ্গে আইনি লড়াই করে সমুদ্রাসীমা জয় করে নীল বাংলা উপহার দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, জ্যেষ্ঠ সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।











