বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় ঐতিহ্য সংস্কৃতি লালন চর্চা সহ সংস্কৃতির বিকাশে সকলকে  ভূমিকা রাখতে হবে-রেজওয়ানুর রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা নতুন বছরে সকলের সুখ সমৃদ্ধি, দেশীয় ঐতিহ্য সংস্কৃতির লালন বিকাশের দৃঢ় প্রত্যয়ে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী ৩১ তম বৈশাখী উৎসব ১৪২৪। উৎসবের শুরুতে সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, আগুনের পরশমনি সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার),জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ।

উৎসব আয়োজন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির সদস্য সচিব একেএম শিবলী, বক্তব্য রাখেন দৈনিক সরোদের সম্পাদক, এটিএন নিউজের পূর্বাঞ্চল প্রতিনিধি পীযুষ কান্তি আচার্য,কমরেড নজরুল ইসলাম। উদ্বোধনী দিনে বাচিক শিল্পী সাইফুল ইসলাম রিপন আবৃত্তি ও উষা নৃত্যালয় নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত প্রাবন্ধিক শান্তনু কায়সার,কবি সাজ্জাদ কাদির স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বৈশাখী উৎসব আবহমান বাঙ্গালীর সংস্কৃতির প্রাণের উৎসব, সম্প্রীতি এবং মিলনের এক আনন্দঘন আয়োজন। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব সকলের। ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে ৩১ তম বৈশাখী উৎসব পালন জেলার ঐতিহ্যের এক অনন্য স্মারক। তিনি দেশীয় ঐতিহ্য সংস্কৃতি লালন চর্চা সহ সংস্কৃতির বিকাশে সকলকে ভ’মিকা রাখার আহবান জানান।
উল্লেখ্য ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসবে প্রতিদিনই  বিষয় ভিত্তিক আলোচনা সেমিনার আবৃত্তি নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ৮ দিন ব্যাপী মেলায় বিভিন্ন দিনে প্রধান অতিথি আলোচক  অতিথি হিসেবে থাকবেন ভারতের ত্রিপুরার কবি দিলীপ দাস,কথা শিল্পী আনোয়ার সৈয়দ হক,কবি নূরুল হুদা,কবি রবীন্দ্র গোপ,লেখক গবেষক সৈয়দ আবুল মুকসুদ,দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, প্রবীণ সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ সানু কথা শিল্পী নূরুদ্দীন জাহাঙ্গীর,প্রফেসর ড.মোঃ মাহবুবুল আরেফিন,হুমায়ূন ইসলাম চৌধুরী,নাট্যজন চন্দন রেজা,কবি জাহাঙ্গীর আলম জাহান,অ্যাড. আকসির এম চৌধুরী,কবি পিয়াস মজিদসহ দেশ বরেণ্য জাতীয় ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ। ২১ এপ্রিল শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
এবারের উৎসবে সাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন কবি মুহাম্মদ সামাদ, বৈশাখী উৎসব সম্মাননা পাচ্ছেন কবি আমিনুর রহমান সুলতান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পাচ্ছেন কবি মিনার মনসুর,ব্যারিস্টার আবদুল রসুল স্মৃতি পদক পাচ্ছেন মামুন সিদ্দিকী। সমাপনী দিনে একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ আজিজুল ইসলাম,খ্যাতিমান চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, রোকেয়া পদকপ্রাপ্ত আরোমা দত্তকে সংবর্ধনা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর