আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পে ব্যয় হবে ২৪ মিলিয়ন ডলার
বহুল আলোচিত আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ২৪ মিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পর্যন্ত এই রেলযোগাযোগ হবে দীর্ঘ ১৫ কিলোমিটার। এতে থাকবে দুটি স্টেশন। এর একটি স্টেশন হবে আখাউড়ার গঙ্গাসাগর। অপরটি হবে ত্রিপুরার নিশ্চিন্দিপুর।যৌথ অর্থায়নে নির্মিত এই রেলসংযোগ আগরতলা-কলকাতা ভায়া ঢাকা রেলযোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করবে। এতে করে দুই দেশের রেলযোগাযোগ ব্যবস্থা আরো সহজ হয়ে যাবে।এই রেলযোগাযোগ স্থাপনের জন্য গত শুক্রবার বাংলাদেশ-ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি বৈঠক করেন। বৈঠকে জমি অধিগ্রহণসহ রেলওয়ে সংযোগ নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন যুগ্ম সচিব সুনীল পাল এবং বাংলাদেশ রেলওয়ের (বিআর) অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অলোক কুমার সিনহা।বাংলাদেশ-ভারতের যৌথ এই প্রতিনিধি দলটি গত বৃহস্পতিবার ত্রিপুরার পরিবহন মন্ত্রী মানিক দে’র সঙ্গেও সাক্ষাৎ করেছেন। মানিক দে দুই দেশের জনগণের স্বার্থে যতদ্রুত সম্ভব এই প্রকল্পের কাজ শুরু করার আহ্বান জানান।
সূত্র জানিয়েছে, আগামী জুলাইয়ের মধ্যেই এই প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ শেষ হবে বলে আশাব্যক্ত করেছে বাংলাদেশ-ভারতের এই যৌথ প্রতিনিধি দল।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, ‘এই প্রকল্পের মূল কাজ শুরুর জন্য সবচেয়ে বড় সমস্যা হলো জমি অধিগ্রহণ।’
তিনি বলেন, ‘আমরা এই অঞ্চলের এক শ্রেণির ব্যবসায়ী ও মানুষের পুনর্বাসন নিয়ে চিন্তায় আছি। যারা এখানে বিভিন্ন পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে।’
তিনি বলেন, ‘প্রকল্পের মূল কাজ শুরু হতে দেরি হলে খরচ বাড়বে। সেক্ষেত্রে ২৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। তবে আমরা দ্রুত কাজ শুরু ও সঠিক সময়ে শেষ করার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।’
এদিকে আন্তর্জাতিক এই রেলপথ নির্মাণ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। নির্মাণ সংস্থা ইরকন পূর্বোত্তর রেলওয়ের সঙ্গে যৌথভাবে এই কাজ শুরু করেছে। এরই মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা অংশে প্রাথমিকভাবে শুরু হয় প্রকল্পের কাজ। এ কাজ শেষ হলে আখাউড়া-আগরতলা রেলপথ হবে যোগাযোগ অবকাঠামো উন্নয়নের এক বিরাট সাফল্য। এই প্রকল্প বাস্তবায়ন হলে আগরতলার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আরও বাড়বে বলে আশা করছে দুই দেশ। এর মধ্য দিয়ে দুই দেশই উপকৃত হবে বলে আশা করছে তারা। পাশাপাশি এই অঞ্চলের মধ্যে যাত্রীবাহী কোচ চলাচলের সুযোগও তৈরি হবে।রেলওয়ের সাবেক মহাপরিচালক মো. আবু তাহের জানান, এ রেলপথ নির্মাণের মধ্য দিয়ে দু’দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। সুদৃঢ় হবে বাংলাদেশ-ভারত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের। ইরকন নামে আন্তর্জাতিক খ্যাতিমান একটি কোম্পানি এই কাজ করছে। তারা দেশ-বিদেশে রেললাইন নির্মাণের কাজ করেন।
বর্তমানে রেললাইন স্থাপনের জন্য চলছে মাপ ঝোঁকের কাজ। আগরতলা শহরের বাধারঘাট এলাকায় নির্মাণ সংস্থা ইরকনের কর্মীরা এই কাজ করছে। এই কাজটি শেষ হলেই সংস্থার বাকি কর্মীরা এসে পুরো নির্মাণকাজে যোগ দেবেন।
২০১৪-২০১৫ অর্থ বছরেই এই রেলপথের কাজ শেষ করার আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান। এই কাজে আগেই চুক্তি হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে।
(দ্য অবজারভার )










