শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন চাল চেলেছেন মোদি

অনলাইন ডেস্কঃ পাকিস্তানের নওয়াজ শরিফ। বাংলাদেশের শেখ হাসিনা। শ্রীলঙ্কার মহেন্দ্র রাজাপক্ষে। আফগানিস্তানের হামিদ কারজাই। নেপালের রামবরণ যাদব। ভুটানের শেরিং তোবগে। মলদ্বীপের মহম্মদ নাসিদ।

প্রধানমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করার আগেই দৃষ্টান্ত গড়লেন নরেন্দ্র মোদি। আগামী ২৬ তারিখ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে আসার জন্য সার্কের প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি পাঠানো হয়েছে। ঘটনাটি অভিনব, কেন না ভারতের ইতিহাসে এমন আমন্ত্রণ এর আগে কোনো হবু প্রধানমন্ত্রী জানাননি। আর এই সার্কভুক্ত রাষ্ট্রসমূহের রাষ্ট্রপ্রধানদের দাওয়াত দেওয়াকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কঠিন চাল বলে মনে করছে কলকাতার শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজার। নিচে প্রতিবেদনটির বিস্তারিত দেওয়া হলো : 

মোদির আমন্ত্রণ পেয়ে প্রতিবেশী দেশগুলি সন্তুষ্ট। কারজাই ও রাজাপক্ষে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, তাঁরা আসছেন। বাংলাদেশ দূতাবাস সূত্রের খবর, ওই সময় জাপান সফরে যাওয়ার কথা আগে থেকেই ঠিক থাকায় শেখ হাসিনা আসতে পারছেন না। পাঠাচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরিকে। তবে আসার সম্ভাবনা রয়েছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের।

দিল্লির পাক দূতাবাস সূত্রে জানানো হয়েছে, ২৬ তারিখ শরিফের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। সেই অনুষ্ঠানসূচি পাল্টানোর চেষ্টা করা হচ্ছে। একান্তই বদলানো না গেলে, তাঁর প্রতিনিধি হয়ে আসবেন জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি-সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজ। এ দফা প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতে আসেননি শরিফ। এ বার এলে, দ্বিপক্ষীয় সম্পর্কে তা নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করা হচ্ছে।

কূটনীতিক মহলের বক্তব্য, এই আমন্ত্রণ পাঠিয়ে মোক্ষম কূটনৈতিক চাল চেলেছেন মোদি। অগ্নিগর্ভ বলয়ের মধ্যে থেকে মনমোহন সরকার প্রতিবেশী কূটনীতি সামলাতে গত ১০ বছরে কার্যত ব্যর্থ। পাকিস্তান নিয়ে সম্পর্কের পারদ ক্রমশ চড়েছে, ঘটেছে একের পর এক বিস্ফোরণ ও সীমান্ত-হত্যার ঘটনা। তামিল আবেগ এবং জাতীয় স্বার্থের মধ্যে ভারসাম্য ঘটাতে না পেরে মুখ থুবড়ে পড়েছে শ্রীলঙ্কা-নীতি। প্রধানমন্ত্রী তাঁর দ্বিতীয় দফায় একবারও কলম্বো যাননি। হাসিনাকে কথা দেওয়া সত্ত্বেও স্থলসীমান্ত চুক্তি এবং তিস্তা চুক্তি বাস্তবায়িত করতে পারেনি কেন্দ্র। নেপাল এবং মালদ্বীপেও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় স্বার্থ।

এই পরিস্থিতিতে মোদির এই উদ্যোগ প্রতিবেশী কূটনীতি তথা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্বার্থকে একজোট করার পক্ষে তাৎপর্যপূর্ণ। আজ একটি থিঙ্ক ট্যাঙ্ক, ‘অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন’ এর রাজনৈতিক গবেষক এম সত্যমূর্তি বলেন, “মোদি এই বার্তা দিতে চাইছেন যে, গোটা অঞ্চলের নিরাপত্তা এবং বাণিজ্যিক সংকটকে না এড়িয়ে গোড়া থেকেই তার মুখোমুখি হতে হবে।”

বিজেপি শিবিরের দাবি, গত ১০ বছর ধরে মনমোহন সিংহ তাঁর বিদেশনীতিতে সার্ক দেশগুলিকে গুরুত্ব না দিয়ে আমেরিকার সঙ্গে কৌশলগত ও আর্থিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াকেই অগ্রাধিকার দিয়েছেন। ফলে নখদন্তহীন হয়ে পড়েছে সার্ক। আজ যখন পশ্চিমের অনেক দেশই আর্থিক মন্দায় জেরবার, তখন দক্ষিণ এশিয়াকে সংঘবদ্ধ করে নতুন দিশার সূচনা করতে চান মোদি। প্রোটোকল অনুযায়ী এই রাষ্ট্রনেতারা শপথগ্রহণ অনুষ্ঠানে এলে তাঁরা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। সে ক্ষেত্রে ২৭ তারিখেই বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর বিষয়টিকেই সব চেয়ে বড় করে দেখছে রাজনৈতিক শিবির। মোদির জয়ের পরে শরিফ নিজেই ফোনে তাঁকে ইসলামাবাদে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। আজ শরিফের কাছে পাল্টা আমন্ত্রণবার্তা পাঠানোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি-সহ কাশ্মীরের বিভিন্ন শিবিরের নেতারা। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন বরফ জমে রয়েছে। মুম্বাই সন্ত্রাসে অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি নিয়ে তিক্ততা চরমে উঠেছে। সীমান্তে ভারতীয় সেনা হত্যার ঘটনাও ঘটেছে। এ সবের জেরে ২০১২ সালে তৎকালীন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণর পাক সফরের পরে আর কোনো শীর্ষ পর্যায়ের সফর দুই দেশের মধ্যে হয়নি।

অবশ্য গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর দেখা হয়েছে। তখন সীমান্তে হত্যার ঘটনা নিয়ে তদন্ত করার কথা দিয়েছিলেন নওয়াজ, কিন্তু আলোচনা আর এগোয়নি। মনমোহনের বহু দিনের ইচ্ছে ছিল, প্রধানমন্ত্রিত্বকালেই এক বার পাকিস্তান যাবেন। দেশভাগের আগে উত্তর-মধ্য পাকিস্তানের ঝিলাম জেলায় তাঁর জন্ম। কিন্তু দল থেকে তাঁকে যেতে দেওয়া হয়নি।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের জট ছাড়াতে তিনি যে আগ্রহী, সেই ইঙ্গিত গোড়াতেই দিয়ে রাখলেন মোদি। তাঁর ঘনিষ্ঠ মহল বলছে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিস্তারের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তার সদ্ব্যবহার করতে চান মোদি। কারণ, ভারতের বাণিজ্য-শরিকদের মধ্যে পাকিস্তান ৪৭ নম্বরে। ভারতের বাণিজ্যের ০.৩ শতাংশ মাত্র পাকিস্তান থেকে আসে। এই পরিস্থিতিই বদলাতে চান নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ