বিশ্ব রাজনীতিতে নতুন মোড়
আন্তর্জাতিক ডেস্ক :গত বছরের নভেম্বরে তুর্কি বিমান বাহিনী কর্তৃক রাশিয়ার একটি বিমান গুলি করে ভূপাতিত করার পর প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আজ বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। নভেম্বরের ওই ঘটনার পর দেশ দু’টির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভেঙ্গে পড়ে।

গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর এটাই প্রথম প্রেসিডেন্ট এরদোগানের বিদেশ সফর। মঙ্গলবার তিনি সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে তারা দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধান করবেন বলে বলা হয়েছে।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, এই সফর ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রার সৃষ্টি করবে। ব্যর্থ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আমেরিকা ও পশ্চিমাদের সাথে আঙ্কারার সম্পর্কের কিছুটা অবনতি ঘটে। অভ্যুত্থানের পেছনে আমেরিকা জড়িত বলে গত সপ্তাহে এরদোগান আবার ঘোষণা করেছেন।
পশ্চিমাদের সাথে আঙ্কারার দূরত্ব তৈরি হওয়ায় তুর্কি-রুশ সম্পর্ক পুনরায় স্থাপনে প্রেসিডেন্ট পুতিন বেশ আগ্রহী বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। এই সম্পর্ক স্থাপনের অংশ হিসেবেই এরদোগানের এবারের রাশিয়া সফর।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা যখন ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানকারীদের পক্ষে অবস্থান নিয়েছে, তখন পুতিনই প্রথম বিশ্ব নেতা যিনি এরদোগানকে ফোন করে তার সমর্থন ব্যক্ত করেছিলেন। এমনকি সকল প্রকার সাহায্যেরও প্রস্তাব দিয়েছিলেন।
গত বছরের নভেম্বরে তুর্কি বিমানবাহিনীর গুলিতে রুশ সু-২৪ বিমান বিধ্বস্ত হওয়ার পর এবার নাটকীয়ভাবে তুর্কি-রুশ সম্পর্ক উন্নত হওয়ার পথে।
২০১৫ সালের ২৪ নভেম্বর তুর্কি-সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি এসইউ-২৪ বোমারু বিমানকে কয়েকটি তুর্কি এফ-১৬ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে। রুশ বিমানটি সিরিয়ার লাতাকিয়া প্রদেশের জাবাল তুর্কমেন এলাকায় বিধ্বস্ত হয়। এতে বোমারু বিমানটির পাইলট নিহত হন।
হেলিকপ্টার যোগে উদ্ধার অভিযানে আসা রুশ বাহিনী তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীদের গুলির মুখে পড়লে একজন রুশ মেরিন সেনা নিহত হন। বিধ্বস্ত বোমারু বিমানের নেভিগেটর ক্যাপ্টেন কনস্তান্তিন মুরাখতিন বেঁচে ছিলেন। সিরিয়ার সরকারি বাহিনী তাকে উদ্ধার করে নিকটবর্তী রুশ বিমান ঘাঁটিতে নিয়ে যায়।
তুরস্কের দাবি, সীমান্ত লঙ্ঘন করার পর ১০ বার সতর্ক করা হলেও রুশ বোমারু বিমানটি সতর্কতার তোয়াক্কা করেনি। অপরদিকে রাশিয়া বলেছে, বোমারু বিমানটি সিরীয় সীমান্তের ভিতরেই অভিযানে অংশ নিচ্ছিল এবং গুলি করার আগে কোনো সতর্কতা জানানো হয়নি। এ ঘটনাকে পুতিন ‘পেছন থেকে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেছিলেন।
নভেম্বরের এই ঘটনায় তুরস্ক ক্ষমা না চাওয়ায় ক্ষুব্ধ হয় মস্কো। প্রতিক্রিয়ায় তুরস্কের উপর বাণিজ্যিক ও দেশটিতে প্যাকেজ ট্যুরের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাশিয়া।
পুতিন বলেছিলেন, রাশিয়ার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ বছরের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় এরদোয়ান ভূপাতিত বিমানটির নিহত পাইলটের পরিবারের প্রতি ‘সমবেদনা ও গভীর শোক’ জানিয়েছেন।
এরপর থেকে রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক হতে থাকে তুরস্কের। সেই সম্পর্ককে আরো এগিয়ে নিতে এখন রাশিয়া সফরে তুর্কি প্রেসিডেন্ট। তবে এ সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকছে এমনটি মনে করেন না বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাশিয়ার সাথে কৌশলগত জোট গঠন করতে যাচ্ছে তুরস্ক।
যদি এমনটি ঘটে তাহলে বিশ্ব রাজনীতিতে আরেকটি নতুন মেরুকরণ তৈরি হতে যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই মেরুকরণ হতে পারে রাশিয়া, চীন, ইরান ও তুরস্ককে ঘিরে।











