সউদি ভিসার ফি বাড়লো
আন্তর্জাতিক ডেস্ক :সউদি আরবের ভিসা ফি বাড়ানো হয়েছে। এছাড়া দেশটির ট্রাফিক আইনের লঙ্ঘনের জরিমানাও বেড়েছে।
যুবরাজ মুহাম্মদ বিন নায়েফের সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
তেলবহির্ভূত খাত থেকে আয় বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ১ মুহাররম (২ অক্টোবর) থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।দুই মাসের সফরের এক্সিট ও রি-এন্ট্রি ভিসা ফি দিতে হবে দুই শ’ রিয়াল। তার বেশি সময় অবস্থান করলে ইকামার (রেসিডেন্স পারমিট) মেয়াদ পর্যন্ত প্রতি মাসের জন্য এক শ’ রিয়াল করে দিতে হবে।তিন মাসের মধ্যে একাধিক সফরের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ শ’ রিয়াল। অতিরিক্ত প্রতি মাসের জন্য দুই শ’ রিয়াল করে দিতে হবে।
প্রথম বার হজ্ব ও উমরা করতে আসার ক্ষেত্রে ভিসা ফি লাগবে না। তবে দ্বিতীয়বার থেকে দুই হাজার রিয়াল ফি ধার্য করা হবে।সউদি আরব সফর করতে আসা বিদেশিদের ছয় মাসের মাসের মাল্টিপল এন্ট্রি ভিসার ফি হবে তিন হাজার রিয়াল, এক বছরের জন্য পাঁচ হাজার রিয়াল এবং দুই বছরের জন্য আট হাজার রিয়াল।ট্রানজিট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে তিন শ’ রিয়াল। সমুদ্রপথে সউদি আরব ত্যাগের ক্ষেত্রে এক্সিট ভিসা ফি হবে ৫০ রিয়াল।
সউদি ভিসার ফি বাড়লো
মন্ত্রীপরিষদের বৈঠকে ট্রাফিক আইনও সংশোধন করা হয়। এতে আইনের ৬৯ ধারা সংশোধন করে সিদ্ধান্ত হয়েছে, প্রথমবার ট্রাফিক আইন অমান্য করার সাজা হিসেবে ১৫ দিনের জন্য যানবাহন বাজেয়াপ্ত এবং ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার লঙ্ঘনের সাজা হবে ৩০ দিনের জন্য যানবাহন বাজেয়াপ্ত এবং ৪০ হাজার রিয়াল জরিমানা।
উভয় ক্ষেত্রে আইন লঙ্ঘনকারীর কত দিনের কারাদণ্ড হবে সেটা নির্ধারণের জন্য তাকে আদালতে পাঠানো হবে।তৃতীয়বার ট্রাফিক আইন লঙ্ঘনকারীর গাড়িটি বাজেয়াপ্ত এবং ৬০ হাজার রিয়াল জরিমানা এবং চালককে আদালতে পাঠানো হবে। বাজেয়াপ্তের বিধানটি ভাড়া বা চোরাই গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
মন্ত্রীপরিষদ ট্রাফিক আইনের ৭০ ধারাটিও সংশোধন করেছে। নতুন বিধানটি হচ্ছে, যদি কেউ অন্যের ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালায় কিংবা নিজেরটি অন্যকে ভাড়া দেয়, সেক্ষেত্রে তার কমপক্ষে এক হাজার কিংবা সর্বোচ্চ দুই হাজার রিয়াল জরিমানা হতে পারে।
বৈঠকে ৬৮ ধারার তিনটি অনুচ্ছেদের সংশোধনীও অনুমোদিত হয়। এতে বলা হয়, কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে চালককে ঘটনাস্থলেই গাড়ি থামিয়ে যথাযথ কর্তৃপক্ষকে ঘটনা জানাতে এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সম্ভবপর সবরকম সহযোগিতা দিতে হবে। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল জরিমানা অথবা অনধিক তিন মাস কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।











