ফাইনালে সাকিবের তালাওয়াশ
স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। শনিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ১৯ রানে জিতেছেন গেইলরা।
টসে হেরে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ডি/এল মেথড অনুযায়ী ত্রিনবাগোর লক্ষ্য দাঁড়ায় ১২ ওভারে ১৩০ রান। নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১১০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি তারা।
এই ম্যাচে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সস করেছেন বাংলাদেশের তারকা সাকিব। জ্যামাইকা ব্যাট করতে নেমে ৬৭ রান সংগ্রহ করতেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায়। পরে সাকিব ও আন্দ্রে রাসেল চমৎকার এক জুটি গড়েন। তাদের জুটি থেকে আসে ১০১ রান। তবে সাকিব ২৩ বলে ১৯ রান করেছেন।
সাকিবের দৃঢ়তায় মারমুখী ব্যাটিং করেছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের এই তারকা ছক্কা ঝড় তুলেছেন। মাত্র ৪৪ বলে ১০০ রান করেছেন। এতে তিনটি চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকিয়েছেন। তবে শতরানের পরই ফিলিপের বলে ম্যাককালামের হাতে ক্যাচ আউট হয়েছেন। এছাড়া গেইলের ৩৫ রানই উল্লেখযোগ্য স্কোর।
সাকিব বল হাতেও দারুণ করেছেন। ২ ওভারে ২৩ রান দিলেও পেয়েছেন তিনটি উইকেট। হাশিম আমলা ছাড়াও সুনীল নারাইন ও ডোয়াইন ব্রাভোর উইকেটটি নিয়েছেন তিনি। দলের পক্ষে আন্দ্রে রাসেল পেয়েছেন দুটি উইকেট।
ত্রিনবাগোর ব্যাটসম্যানরা বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারেননি। হাশিম আমলার ৩৭ রান ও কলিন মুনরোর ৩৮ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।
সোমবার আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জ্যামাইকা।











