রিও অলিম্পিকের আলোচনায় থাকবেন যারা
স্পোর্টস ডেস্ক :অপেক্ষার পালা প্রায় শেষ। সময়ের হিসাবটা বছর, মাস, সপ্তাহ ও দিন পেরিয়ে ঘন্টায় চলে এসেছে। অলিম্পাস পর্বত থেকে জ্বালানো অলিম্পিক মশাল সুইজারল্যান্ড, গ্রীস, ব্রাজিলের হাজারো গুনী ব্যক্তির হাত হয়ে কয়েকশত শহর ঘুরে এখন চূড়ান্ত প্রজ্বলনের অপেক্ষায়। শনিবার বাংলাদেশ সময় ভোরে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমসের আধুনিক যুগের ৩১তম আসর এবার বসছে ফুটবলের দেশ ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ব্রাজিলে তো বটেই, দক্ষিণ আমেরিকা মহাদেশেই এর আগে কখনো বসেনি বিশ্ব ক্রীড়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা যেটি এবারের অলিম্পিকে যোগ করেছে ভিন্ন মাত্রা। এবারের অলিম্পিকের মাসকট- `ভিনিশাস`

২৮ টি খেলার ৪২ টি ভিন্ন ভিন্ন ডিসিপ্লিনে ৩০৬ টি ইভেন্টে ৪ হাজার ৯২৪ টি পদকের জন্য লড়বেন ২০৬ টি দেশের ১০ হাজার ৫০০ এরও বেশি অ্যাথলেট। তাও মাত্র ১৭ দিনের মধ্যে। এত বড় আয়োজনকে তাই যজ্ঞ না বলে উপায় কী?
শনিবার ভোরে ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে রিও-২০১৬ অলিম্পিক গেমসের। যদিও তার আগেই ৩ আগস্ট নারী ফুটবল এবং ৪ আগস্ট পুরুষ ফুটবলের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। রিও ডি জেনিরোর বাররা, কোপাকাবানা, মারাকানা, ডিওডোরো এই চার অঞ্চলের সর্বমোট ৩৩টি ভেন্যুতে ১৭ দিন ধরে চলবে এই মহাযজ্ঞ। ২১ আগস্ট সেই মারাকানায় সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাপানের টোকিওর মেয়রের হাতে টোকিওতে অনুষ্ঠিতব্য পরবর্তী অলিম্পিকের মশাল হস্তান্তরের মাধ্যমে শেষ হবে এবারের অলিম্পিক।
এবারের অলিম্পিকে মূল ক্রীড়া থাকছে সর্বমোট ২৮টি। এর মধ্যে ১১২ বছর পর গলফ এবং ৯২ বছর পর অলিম্পিকে ফিরছে রাগবি। শনিবার অলিম্পিক শুরু হলেও রীতি মেনে এর সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট অ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে শেষ দশদিন অর্থাৎ ১২ আগস্ট থেকে ২১ আগস্ট। ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল হবার কথা রয়েছে ১৪ আগস্ট যেখানে মাঠ মাতাতে পারেন জ্যামাইকান `বজ্রবিদ্যুৎ` উসাইন বোল্ট।
স্বাগতিক ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক নেইমার এবারের অলিম্পিকে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। কিন্তু তাই বলে নেইমারই যে অলিম্পিকের সবচেয়ে বড় বিজ্ঞাপন তা কিন্তু নয়। ২০১২ অলিম্পিকে পুরো ব্রাজিলে অলিম্পিক দল(১১ স্বর্ণ) এর চেয়ে প্রায় দেড়গুন বেশি স্বর্ণ একাই জিতেছিলেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। সর্বকালের সবচেয়ে বেশি অলিম্পিক স্বর্ণ পদক জেতা এই সাতারুর দিকেও চোখ থাকবে সবার। উসাইন বোল্টও আছেন প্রথম অ্যাথলেট হিসেবে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার রিলেতে টানা তিন অলিম্পিকে `ট্রিপল ট্রিপল` জয়ের অপেক্ষায়। আলোচনায় থাকবে তারকায় ঠাসা যুক্তরাষ্ট্র বাস্কেটবল দলও।
রেকর্ড ২০৬ টি দেশ অংশ নিচ্ছে এবারের অলিম্পিকে। প্রথমবারের মত খেলতে আসছে দক্ষিণ সুদান ও কসভো। সর্বোচ্চ ৫৫৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন ২০১২ অলিম্পিকের সর্বোচ্চ পদকজয়ী দেশ যুক্তরাষ্ট্রের হয়ে। এছাড়া চীন, হল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডার হয়েও অংশ নিচ্ছেন উল্ল্যেখযোগ্য সংখ্যক প্রতিযোগী। এবারের অলিম্পিকে `শরনার্থী` হিসেবে আলাদা দল হিসেবে খেলতে আসছেন ভিন্ন ভিন্ন দেশ থেকে বিভিন্ন শরনার্থী হওয়া ১০ জন অ্যাথলেট।
তবে সব ছাপিয়ে আলোচনায় রাশিয়া। ডোপ কেলেংকারির দায়ে এরই মধ্যে রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ার পুরো অ্যাথলেটিকস দলকে। যে দলে আছেন পোল ভল্টের অলিখিত সম্রাজ্ঞী ইয়েলেনা ইসিনবায়েভাও।
আলোচনা হচ্ছে ব্রাজিলের সার্বিক পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়েও যেখানে আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে জিকা ভাইরাস কিংবা ব্রাজিলে সরকারবিরোধী বিভিন্ন আন্দোলন। কথা হচ্ছে অলিম্পিক ভিলেজের মান নিয়েও। এরই মধ্যে এসব কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন মিলোস রাওনিচ, ররি ম্যাকলরয় এর মতো বড় তারকারা।
তারপরও এর নাম অলিম্পিক। সব সমালোচনাকে ছাপিয়ে, সব বাধা জয় করে শেষ পর্যন্ত জয় হবে ক্রীড়ার এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা। তাদের আশা- অন্তত ৩৫০ কোটি মানুষ সরাসরি টিভির পর্দায় উপভোগ করবেন এই মহা ক্রীড়াযজ্ঞ। ঝড় উঠবে চায়ের কাপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবেই তো স্বার্থক হবে পিয়েরে ক্যুবার্তার স্বপ্ন কিংবা খেলার আড়ালে অলিম্পিকের সুপ্ত বার্তা।











