আবারও হারলো সাকিবরা
স্পোর্টস ডেস্ক: ২০ জুলাইয়ের পর একরকম ছুটিতেই চলে গিয়েছিল জ্যামাইকা তালওয়াস। নির্ভার ছুটি তো বটেই। অদ্ভুত সূচির কারণে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচের আগে মাঝখানে ১০ দিনের বিরতি। তবে জ্যামাইকা ওই দুই ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল।
এই তৃপ্তির আলস্যেই কি পেয়ে বসল ক্রিস গেইলের দলকে? তারকা–ঠাসা দলটি যে ছুটি কাটানোর পর একেবারে অচেনা চেহারায়। হেরে গেল টানা তিন ম্যাচ। এর মধ্যে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ হেরে তেমন ক্ষতি হয়নি। কিন্তু আজ জিতলেই ফাইনাল—এমন ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে তারা হারল ৪ উইকেট আর ২ বল বাকি থাকতে। ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ফাইনালে ওঠার আরেকটি সুযোগ অবশ্য পাবে জ্যামাইকা।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৬ তুলেছিল জ্যামাইকা। অধিনায়ক গেইল নিজে ৩৩ রান করেছিলেন। তবে ৩৬ বলে খেলা ইনিংসটা ঠিক গেইলসুলভ ছিল না। গেইলই যখন এমন ব্যাটিং করেন, বাকিদের অবস্থা তো বোঝাই যায়। টানা তৃতীয় শূন্যের ঝুঁকিতে থাকা সাকিব সেই শঙ্কা কাটিয়েই আউট হয়ে গেছেন ২ রান করে।
ব্যাট হাতে ব্যর্থ হলেও সাকিব বোলিংয়ে কিন্তু ঠেসেই ধরেছিলেন। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। হজম করেছেন একটাই বাউন্ডারি। তাঁকে মিড অফের ওপর আছড়ে ফেলা লিনকে পরের ওভারে ফেরাতেও পারতেন। কিন্তু মিড উইকেটে ক্যাচ ফেলেছেন ফিল্ডার। সাকিবকে গেইল এবার ঠিকমতো ব্যবহার করতে পেরেছেন কি না, এই প্রশ্নও আছে। বারবার ব্যাটিং অর্ডার বদলানো হয়েছে। বোলিংয়েও সাকিব থিতু হওয়ার সুযোগ পাননি। কখনো তো বোলিংও তুলে দেওয়া হয়নি।
আজ আবার ১২ ওভারের মধ্যেই শেষ করে দেওয়া হলো তাঁর ৪ ওভার। পরের ওভারেই নামল বৃষ্টি। খেলা বন্ধ থাকল অনেকক্ষণ। তখনো ম্যাচে ভালোভাবেই আছে জ্যামাইকা। ৩৬ বলে দরকার ৫৭। বৃষ্টি থামার পর গায়ানার কাজ আরও কঠিন করে দিলেন রাসেল—১৫তম ওভারে মাত্র ৩ রানে ১ উইকেট নিয়ে। কিন্তু শেষ ৫ ওভারেই আর রাশটা টেনে ধরে রাখত পারলেন না গেইলের বোলাররা। ফসকা গেরো দিয়ে বেরিয়ে গেল সব রান। এমনকি আগের ৩ ওভারে মাত্র ১২ রান দেওয়া ইমাদ ওয়াসিমকে শেষ ওভারে আনলেন গেইল। ৬ বলে ৬ দরকার। ৩ বলে ৪। নাটক জমে ওঠার শুরুতেই নাটকের শেষ! চতুর্থ বলে সোহেল তানভিরের ছক্কা গায়ানাকে নিয়ে গেল ফাইনালে। আর জ্যামাইকাকে তৃতীয় প্লে অফে। সেখানে তারা মুখোমুখি হবে দ্বিতীয় প্লে অফের বিজয়ী দলের।











